জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে দেশসেরা চিত্রশিল্পী সাতক্ষীরার জারিন সুবাহ্
নিজস্ব প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ অসামান্য সাফল্য অর্জন করেছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী সিলভার জুবলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জারিন সুবাহ্ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় (বালিকা বিভাগ) সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।
গত ১৫ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশসেরা ক্ষুদে চিত্রশিল্পী জারিন সুবাহ্-এর হাতে এই মর্যাদাপূর্ণ পদক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই জাতীয় প্রতিযোগিতায় শুধু জারিন সুবাহ্-ই নয়, এই বিদ্যাপীঠের আরও দুই শিক্ষার্থী দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে। তাদের মধ্যে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অন্তরা লাবিবা ‘বাংলা কুইজ’ প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী প্রাঞ্জাল সরকার ‘লোকগীতি’ প্রতিযোগিতায় দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
সারা দেশের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মোট ২১টি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ের এত বড় আসরে একই বিদ্যালয় থেকে তিন শিক্ষার্থীর এমন সাফল্যকে বিরল ও গৌরবময় অর্জন বলে অভিহিত করেছেন স্থানীয় শিক্ষাবিদেরা।
শিক্ষার্থীদের এই অসামান্য অর্জনে বিদ্যালয়ের সভাপতি বেলাল হোসাইন এবং প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি এক যৌথ অভিনন্দন বার্তায় বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।






