দুর্বল বর্জ্য ব্যবস্থাপনায় ব্যাহত সাতক্ষীরা পৌরসভার নাগরিক সেবা
এসএম বিপ্লব হোসেন: অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, পর্যাপ্ত স্থায়ী ডাম্পিং স্টেশনের অভাব এবং ড্রেনে ময়লা-আবর্জনা জমে থাকার কারণে সাতক্ষীরা পৌরসভার নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। এর ফলে একদিকে যেমন পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে জলাবদ্ধতা, দুর্গন্ধ ও জনস্বাস্থ্য ঝুঁকিও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ও আধুনিক ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডোর আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় ‘যুব নেতৃত্বে পরিবেশ দূষণরোধে উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠা’ শীর্ষক এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আশরাফ আলী ও সাবেক প্যানেল মেয়র শফিক উদ দৌলা সাগর।
এ সময় স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা ইমাম সমিতির সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, জেলা নাগরিক কমিটির আলিনুর খান বাবুল, পরিবেশ উন্নয়ন সংঘের সভাপতি পল্টু বাশার, টিআইবির প্রকল্প সমন্বয়কারী আল আমিন, জেডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, অঞ্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরী, অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন, বারসিকের গাজী মাহিদা মিজানসহ বিভিন্ন সামাজিক, পরিবেশবাদী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সাতক্ষীরা শহরে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পরিবেশ দূষণ, জলাবদ্ধতা ও জনদুর্ভোগ ক্রমেই বাড়ছে। নাগরিক সেবা নিশ্চিত করতে উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ, আধুনিক স্যানিটারি ডাম্পিং স্টেশন নির্মাণ, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন এবং নিয়মিত বর্জ্য অপসারণ ব্যবস্থা জোরদারের বিকল্প নেই। একই সঙ্গে যুবসমাজকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে একশনএইড বাংলাদেশের ইনস্পিরেটর নয়ন হোসেন, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার আব্দুস সাত্তার, ইয়ুথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর স্বপ্না পারভীনসহ সিডোর কর্মকর্তা ও যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।









