রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেবহাটা থানার গাড়ি বিকল, জরুরি সেবা দিতে পুলিশের হিমশিম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
দেবহাটা থানার গাড়ি বিকল, জরুরি সেবা দিতে পুলিশের হিমশিম

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানার একমাত্র সরকারি গাড়িটির বেহাল অবস্থার কারণে ব্যাহত হচ্ছে পুলিশের জরুরি কার্যক্রম। দীর্ঘদিন ধরে যান্ত্রিক ত্রুটিতে জর্জরিত গাড়িটি সংস্কার বা নতুন গাড়ি বরাদ্দ না হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষা, ঝটিকা অভিযান ও দুর্ঘটনাস্থলে সময়মতো পৌঁছাতে চরম ভোগান্তির মুখে পড়ছেন পুলিশ সদস্যরা।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিস্তীর্ণ এলাকায় অপরাধ দমন, নিয়মিত টহল, দুর্ঘটনাস্থলে দ্রুত উপস্থিতি এবং জরুরি সেবামূলক কাজে প্রতিনিয়ত এই গাড়িটি ব্যবহার করা হয়। তবে দীর্ঘদিন ধরে ইঞ্জিন, ব্রেকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে ত্রুটি দেখা দেওয়ায় গাড়িটি এখন প্রায় অচল। অনেক সময় জরুরি অভিযানে যাওয়ার পথে মাঝরাস্তায় গাড়ি বিকল হয়ে পড়ার মতো ঘটনাও ঘটছে। এতে করে যথাসময়ে পুলিশি সেবা পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা।

সীমান্তবর্তী ও বিস্তীর্ণ ভৌগোলিক এলাকা হওয়ায় দেবহাটা উপজেলায় দ্রুত সেবা নিশ্চিত করতে একটি সচল ও নির্ভরযোগ্য যানবাহনের বিকল্প নেই বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, পুলিশের যানবাহনের এমন নাজুক দশা সাধারণ মানুষের নিরাপত্তা ও জরুরি সেবা পাওয়ার অধিকারকে বিঘিœত করছে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, “থানার গাড়িটির অবস্থা খুবই নাজুক। দ্রুত এটি সংস্কার করা প্রয়োজন, তা না হলে আমাদের দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ছে। কোথাও কোনো দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতি তৈরি হলে আমরা যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারছি না।”

যানবাহন সংকটের কারণে সৃষ্ট এই প্রশাসনিক জটিলতা দূর করতে এবং জননিরাপত্তা নিশ্চিতের স্বার্থে দ্রুত গাড়িটি সংস্কার অথবা নতুন একটি সরকারি যানবাহন বরাদ্দ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার ভুক্তভোগী মানুষ ও থানা পুলিশ।

Ads small one

যুক্তরাষ্ট্র নয়, মেক্সিকোতেই বিশ্বকাপ প্রস্তুতি ইরানের

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১:০৮ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র নয়, মেক্সিকোতেই বিশ্বকাপ প্রস্তুতি ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইরানের আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই কেটে গেছে। ইরান বিশ্বকাপে অংশ নিচ্ছে এবং তাদের সব ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। তবে নিরাপত্তা ও ভিসা জটিলতা এড়াতে দলটি অনুশীলন ক্যাম্প করবে মেক্সিকোতে।
শনিবার (২৩ মে) ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানান, ফিফা তাদের অনুরোধে বিশ্বকাপের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে স্থানান্তরের অনুমোদন দিয়েছে। বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দল ম্যাচের আগে ও পরে নিজেদের নির্ধারিত ক্যাম্পে অনুশীলন করবে।

ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, দলটির ক্যাম্প হবে মেক্সিকোর তিজুয়ানায়, যা যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর দক্ষিণে অবস্থিত। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফিফা।

মেহদি তাজ বলেন, বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলের বেস ক্যাম্প ফিফার অনুমোদিত হতে হয়। ইস্তাম্বুলে ফিফা ও বিশ্বকাপ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং তেহরানে ফিফা মহাসচিবের সঙ্গে ভার্চুয়াল আলোচনার পর তাদের আবেদন গ্রহণ করা হয়েছে।

ইরান ‘জি’ গ্রুপে খেলবে। দলটি ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে যথাক্রমে ১৫ ও ২১ জুন মাঠে নামবে। এরপর ২৬ জুন ওয়াশিংটনের সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা।

ফেডারেশন আরও জানিয়েছে, বেস ক্যাম্প মেক্সিকোতে সরিয়ে নেওয়ার ফলে সম্ভাব্য ভিসা সমস্যার সমাধান হবে। দলটি ইরান এয়ারের ফ্লাইটে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে যাতায়াত করবে।

এবারের আসরে অংশ নেওয়ার মাধ্যমে টানা চতুর্থবার এবং সব মিলিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলবে ইরান। তবে এখনো পর্যন্ত তারা কখনোই প্রথম রাউন্ড পেরোতে পারেনি।

দেবহাটায় ঐতিহ্যবাহী জমিদার বাড়ি সংলগ্ন ‘আর-রাহমা’ মসজিদের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ
দেবহাটায় ঐতিহ্যবাহী জমিদার বাড়ি সংলগ্ন ‘আর-রাহমা’ মসজিদের উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী টাউন শ্রীপুর জমিদার বাড়ি সংলগ্ন এলাকায় নবনির্মিত ‘আর-রাহমা’ পাঞ্জেগানা মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার আসরের নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মসজিদটির যাত্রা শুরু হয়। মসজিদ কমিটি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরহুম রশিদ সরদার, মরহুম রউফ সরদার ও মরহুম গফুর সরদারের সন্তানেরা নিজস্ব অর্থায়নে ও উদ্যোগে এই দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করেছেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিতি সভা

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩মে) রাত ৮টায় বাঁকাল মার্কাজ মসজিদের সামনে ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি শেখ মমতাজ উদ্দীন মম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মো. রেজাউল ইসলাম রেজা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, মো. সুরমান আলী। এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আশরাফুল ইসলাম, সহ-সভাপতি মীর মাসুদ, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, হযরত আলী, সাংগঠনিক সম্পাদক কিবরিয়া হোসেন, কোষাধ্যক্ষ সাদিক উদ্দীন, সদস্য আবু হুরাইরা, আবু মুসাসহ এসময় ৯টি ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের আগামী ৩ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি প্রদান করা হয়। এসময় কমিটির নেতৃবৃন্দ ও সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।