পাটকেলঘাটায় ব্যবসায়ীর জমি জোরপূর্বক দখলের অভিযোগ
পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় প্রশান্ত ঘোষ নামের এক ব্যবসায়ীর ২০ শতক জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (৪ জুন) ভোররাতে উপজেলার খোর্দে বড়বিলা মৌজায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোর্দে বড়বিলা মৌজার ৯৯৭ খতিয়ানের ৪৫৯৫ দাগের ২০ শতাংশ জমি ২০২৩ সালের ৩০ মার্চ ক্রয় করেন প্রশান্ত ঘোষ। ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিল (নং ১৫৪৯) সম্পাদনের পর তিনি নামজারি (মিউটেশন) করে জমিটি ভোগদখল করে আসছিলেন।
অভিযোগ উঠেছে, প্রতিপক্ষ আব্দুর রাজ্জাকের স্ত্রী তফুরা বেগম অন্য একটি দাগের (৪৫৯২ দাগের ৩২ শতক) পুরনো দলিল ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে প্রশান্ত ঘোষের মালিকানাধীন জমির মিউটেশন করিয়ে নেন। বিষয়টি জানতে পেরে প্রশান্ত ঘোষ সহকারী কমিশনার (ভূমি) আদালতে ১৫০ ধারায় একটি মামলা দায়ের করেন। গত ৩ জুন মামলার শুনানির দিন এসি ল্যান্ড বিষয়টি তদন্ত করে সরজমিন প্রতিবেদন দেওয়ার জন্য ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা (নায়েব) তারক চন্দ্র মণ্ডলকে নির্দেশ দেন। কিন্তু তদন্তের আগেই বৃহস্পতিবার ভোররাতে আব্দুর রাজ্জাক জমিতে রোপণ করা ফসলের ক্ষতিসাধন করে জোরপূর্বক লাঙল দিয়ে চাষ করেন।
জমিটির বর্গাচাষি যাদব ঘোষ বলেন, তিনি চার বছর ধরে প্রশান্ত ঘোষের কাছ থেকে হারি (লীজ) নিয়ে জমিটিতে চাষাবাদ করছেন। স্থানীয় বাসিন্দা নিমাই ঘোষ জমি ক্রয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৩ সাল থেকেই প্রশান্ত ঘোষ এটি ভোগদখল করছিলেন। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আব্দুর রাজ্জাকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা তারক চন্দ্র মণ্ডল বলেন, তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়ে আব্দুর রাজ্জাককে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনটিও বন্ধ রয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।






