মাদক ব্যবসা কেন্দ্র করে শ্রীউলায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২
নিজস্ব প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চৌধুরী মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন শ্রীউলা গ্রামের কামরুল সরদারের ছেলে বেলাল হোসেন (২৬) এবং মৃত সালাম সরদারের ছেলে মহসিন কবির (৩৫)। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মহসিন কবির দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার এই কর্মকা-ে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী প্রতিবাদ গড়ে তোলে। ঘটনার দিন বেলাল হোসেন মাদক বিক্রিতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মহসিন কবির চাইনিজ কুড়াল দিয়ে বেলালের হাতে আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আহত বেলালকে হাসপাতালে নেওয়ার সময় মহসিনের অনুসারীরা বাধা দেয়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয় ক্ষুব্ধ জনতা মহসিন কবিরকে মারধর করলে তিনি গুরুতর আহত হন এবং তার পা ভেঙে যায় বলে জানা গেছে।
আহত বেলাল হোসেন বলেন, “মহসিন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। আমি বাধা দেওয়ায় সে আমাকে কুড়াল দিয়ে কোপ দেয়।”
অন্যদিকে আহত মহসিন কবির দাবি করেন, পূর্ব রাজনৈতিক বিরোধের জেরে তার ওপর হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, “ঈদের আগে এলাকায় ফেরা কিছু রাজনৈতিক প্রতিপক্ষ আতর্কিতভাবে আমার ওপর হামলা করে।”
স্থানীয় সূত্রে জানা যায়, মহসিন কবির এর আগে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ গ্রেফতার হয়ে বর্তমানে জামিনে রয়েছেন। এছাড়া শ্রীউলায় ১৮টি ঘর পোড়ানোর ঘটনায় দায়ের করা একটি মামলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ খান জানান, “দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বলে আমরা জেনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসী জানান, মাদকবিরোধী কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে এ ধরনের সংঘর্ষ আরও বাড়তে পারে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।









