শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

শ্যামনগরে অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
শ্যামনগরে অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা

সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী গঠনের লক্ষ্যে বাস্তবায়িত পাঁচ বছর মেয়াদি প্রকল্পের ২ বছর শেষে অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের অফিসার্স ক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ-এর আর্থিক সহযোগিতায় গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিমান বিহারী মন্ডল, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. নাজমূল কবীর, গাবুরা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইমাম হাসান, সাংবাদিক এম. এ. রশিদ, সাত-আইসিডিপি প্রকল্পের ব্যবস্থাপক সমুয়েল স্যাগমা, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মনিটরিং অ্যান্ড লার্নিং (এমঅ্যান্ডএল) অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, জেন্ডার অফিসার নওমী বিশ্বাসসহ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা।

ইউপি সদস্য ইমাম হাসান বলেন, ফেইথ ইন এ্যাকশনের কার্যক্রম বাস্তবমুখী ও জনকল্যাণমূলক। বিশেষ করে সেফগার্ডিং কার্যক্রম গাবুরায় অন্য কোনো সংস্থা এভাবে পরিচালনা করেনি। তিনি উপকারভোগীদের প্রশিক্ষণ ও সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে আয় বৃদ্ধির পাশাপাশি সংস্থার কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

উপসহকারী প্রকৌশলী মো. নাজমূল কবীর বলেন, ফেইথ ইন এ্যাকশনের কার্যক্রম অন্যান্য সংস্থার তুলনায় অধিক বাস্তবসম্মত। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ রয়েছে।

উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল বলেন, প্রকল্পটি গাবুরার মানুষের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রাণিসম্পদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৫ জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

উপজেলা সমাজসেবা অফিসার এস. এম. দেলোয়ার হোসেন বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে মানুষের মানসিকতা ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে। নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে গাবুরার টেকসই উন্নয়ন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। ফেইথ ইন এ্যাকশন গাবুরাতে অনেক ভালো কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।

 

Ads small one

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গার মুচির কোনা এলাকায় খোলপেটুয়া নদীর উপকূলীয় ওয়াপদা বেড়িবাঁধে ধস নেমেছে। খবর পেয়ে দ্রুত জিওটিউব ফেলে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর শাখা কর্মকর্তা (এসও) আলমগীর হোসেন জানান, দুপুরে বেড়িবাঁধের আনুমানিক ৩০০ ফুট ধসে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং বিকল্প বাঁধ নির্মাণের কাজ শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত কাজ শেষ না হলে জোয়ারের পানি ঢুকে খাজরা ও বড়দল ইউনিয়নের ১৫ থেকে ২০ হাজার বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পাউবোকে দ্রুত কাজ সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন উপলক্ষে এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। আগামী ১২ আগস্ট এ দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পির ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে জেলা বিএনপির সদস্য এম এ হাসান নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ যেন কোনো খরচ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন, সে লক্ষ্যেই এই ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার পার-কুখরালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধানের বীজতলায় ঘাস মারার বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু সাইদ জানান, তাঁর বাবা ২০০২ সালে জব্বার সরদারের কাছ থেকে জমিটি কেনেন। কিন্তু বিআরএস রেকর্ডে ভুলবশত প্রতিপক্ষের নাম ওঠায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে মামলা (নং ১৯৩৭/২৫) চলমান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, মৃত জব্বার সরদারের ছেলে আব্দুর রকিব জমিতে ফসল না করার জন্য পূর্বে হুমকি দিয়েছিলেন। এরপর জমিতে গিয়ে দেখা যায় বীজতলার চারাগুলো বিষ প্রয়োগের কারণে মরে গেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রকিব। ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাইদ এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।