সাতক্ষীরায় বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ একজন আটক
পত্রদূত রিপোর্ট: মঙ্গলবার (১৩ এপ্রিল ২০২৬) বেলা ৩.২০টার দিকে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান এর সার্বিক দিক নির্দেশনায় চান্দুরিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল ১ জন আসামীসহ ১৬৪ গ্রাম ৪৯০ মিলিগ্রাম ওজনের ২টি স্বর্ণের বার আটক করে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাংগা বিওপি জানতে পারে দায়িত্বাধীন সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৬ আরবি হতে আনুমানিক ০৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কামারবাইশা নামক স্থান দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের নির্দেশে চান্দুরিয়া বিওপির একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।
এ সময়ে মোটর সাইকেলযোগে ঝাউডাংগা হতে কাকডাংগা সীমান্ত এলাকার দিকে গমনকালে বর্নিত স্থান হতে আভিযানিক দল সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক কলারোয়ায় কাকডাঙ্গা গ্রামের মৃত ইমান আলী সরদারের ছেলে মোঃ আরশাদ আলী (৫৪) কে থামিয়ে তল্লাশী করে তার নিকট ২টি স্বর্ণের বার পাওয়ায় মোটরসাইকেলসহ তাকে আটক করে।
উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ১৬৪ গ্রাম ৪৯০ মিলি গ্রাম যার মূল্য ৩৪ লাখ ৯৭ হাজার ৩৮৬ টাকা এবং ১টি মোটরসাইকেল এর আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা, সর্বমোট মূল্য ৩৬ লাখ ২৭ হাজার ৩৮৬ টাকা।
বিজিবি আরো জানায়, স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে মোটর সাইকেলসহ গ্রেপ্তার করতঃ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও, উদ্ধারকৃত স্বর্ণের বার যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।











