সাতক্ষীরা সিটি কলেজে গভর্নিং বডির সভাপতির মতবিনিময় সভা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষা ও প্রশাসনিক পরিবেশ গতিশীল করার লক্ষ্যে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন কলেজ গভর্নিং বডির নবনিযুক্ত সভাপতি মো. নুরুল আমিন। রবিবার সকাল ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং অভ্যন্তরীণ প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে গভর্নিং বডির সভাপতি মো. নুরুল আমিন বলেন, “সাতক্ষীরা সিটি কলেজ এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের গৌরব ও শিক্ষার মান অক্ষুণ্ণ রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।” তিনি ডিজিটাল শিক্ষাব্যবস্থার সম্প্রসারণ ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দেন এবং শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।












