অবৈধ ভোজ্যতেল মজুত: দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা ও কালিগঞ্জ উপজেলায় অবৈধভাবে ভোজ্যতেল মজুত করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১২ এপ্রিল) র্যাব-৬ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এই অর্থদ- দেওয়া হয়।
র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল দেবহাটা থানা এলাকায় প্রথম অভিযানটি চালায়। সেখানে ‘লাকী স্টোর’ নামক একটি প্রতিষ্ঠান মুদি দোকানের লাইসেন্স ব্যবহার করে নিজ বসতবাড়িতে অবৈধভাবে ৩৪ ড্রাম (প্রতিটিতে ২০০ লিটার) সরিষা ও রাইস ব্র্যান অয়েল মজুত করে রেখেছিল। কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী লাইসেন্সের শর্ত ভঙ্গ ও অবৈধ মজুতের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য এক অভিযানে কালিগঞ্জ উপজেলার মৌতলা এলাকায় ফেরদৌস মোড়ল (৫৫) নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানেও অবৈধভাবে ভোজ্যতেল মজুত রাখার প্রমাণ পাওয়ায় তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, র্যাব-৬-এর কর্মকর্তা এবং স্থানীয় বাজার পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
র্যাব জানায়, বাজারে তেলের কৃত্রিম সংকট রোধ ও অসাধু ব্যবসায়ীদের রুখতে এ ধরনের জনস্বার্থমূলক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। জব্দকৃত তেলগুলো খোলা বাজারে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।









