আজ সাতক্ষীরায় দীনেশ কর্মকার বাড়ি গণহত্যা দিবস
পত্রদূত রিপোর্ট: আজ ২১ এপ্রিল, সাতক্ষীরার ইতিহাসে অন্যতম এক কলঙ্কিত ও শোকাবহ দিন। ১৯৭১ সালের এই দিনে সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় (তদানীন্তন টাউন স্কুল) সংলগ্ন দীনেশ কর্মকারের বাড়িতে পাকিস্তানি হানাদার বাহিনী এক নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল। এই বধ্যভূমি ও শহীদদের স্মরণে আজ বিকেলে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
একাত্তরের ২০ এপ্রিল খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন অঞ্চল থেকে ভিটেমাটি হারানো শত শত অসহায় মানুষ প্রাণ বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে রাত হয়ে যাওয়ায় তাঁরা সাতক্ষীরা টাউন স্কুলে আশ্রয় নেন। নিরাপদ আশ্রয়ের আশায় থাকা এই নারী, শিশু ও বৃদ্ধদের ওপর পরদিন ভোরে হিংস্র হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হানাদাররা নিরীহ মানুষের ওপর নির্বিচারে গুলি চালানোর পাশাপাশি বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাঁদের হত্যা করে। এরপর রক্তরঞ্জিত লাশগুলো পাশের দীনেশ কর্মকারের পুকুরে ফেলে মাটিচাপা দেওয়া হয়।
স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও সাতক্ষীরার এই বধ্যভূমিটি আজও যথাযথভাবে সংরক্ষিত হয়নি। অযতœ আর অবহেলায় বধ্যভূমিটি হারিয়ে যেতে বসেছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এই স্থানটি সংরক্ষণের দাবি দীর্ঘদিনের।
৭১-এর গণহত্যার শহীদদের স্মরণে সাতক্ষীরার সর্বস্তরের মানুষের উদ্যোগে আজ বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং শোক র্যালি ও স্মৃতিচারণ সভা।
আজ বিকেল ৫টায় সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় সংলগ্ন দীনেশ কর্মকার বাড়ির বধ্যভূমিতে এই আয়োজন অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটির পক্ষ থেকে সাতক্ষীরার সর্বস্তরের মানুষকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।









