আশাশুনিতে সন্ত্রাস বিরোধী আইনে দুটি মামলা, আসামি ১৩১ জন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলা দুটিতে ১৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। বিএনপি কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা সৃষ্টির অভিযোগে এই মামলাগুলো করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিছট গ্রামের শফিকুল ইসলাম গাজী বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ করে প্রথম মামলাটি (মামলা নং ২৩) দায়ের করেন। এজাহারে অভিযোগ করা হয়, গত ২৩ জুন রাতে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিছট বাজারে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা চালায়। তারা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি স্বংলিত সাইনবোর্ড ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং নাশকতা সৃষ্টি করে।
অনুরূপ অভিযোগে বিছট গ্রামের হায়দার গাজী বাদী হয়ে ৭৯ জনের নাম উল্লেখ এবং ৩০-৩৫ জনকে অজ্ঞাত আসামি করে দ্বিতীয় মামলাটি (মামলা নং ২৪) দায়ের করেন। দুটি মামলাই সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় নথিভুক্ত করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।








