কলারোয়ায় প্রয়াত শ্রমিক পরিবারে মরণোত্তর ভাতা প্রদান
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ২১ প্রয়াত শ্রমিকের পরিবারের হাতে মরণোত্তর ভাতা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শ্রমিক ইউনিয়নের সভাকক্ষে এ ভাতা প্রদান করা হয়। কলারোয়া সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শ্রমিকরা রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন। তাঁরা রাস্তায় বের হলে বাড়িতে ফিরবেন কীনা এই গ্যারান্টি থাকে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা দুর্ঘটনাকবলিত হলে বা কেউ মারা গেলে প্রাপ্য সম্মান পাই না। আমরা আশা করি সরকার এ বিষয়ে সুনজর দিবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক শেখ মামুনুর রশীদ, কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মাছুম বিল্লাহ, সহ-সভাপতি মনিরুল আলম টিটু, সাংগঠনিক সম্পাদক শিমুল মোড়ল, সড়ক সম্পাদক বদিউজ্জামান বাবু, কোষাধ্যক্ষ ফেরদৌস হোসেন, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মতিউর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।









