কারবালার শোকগাথা স্মরণে নুরনগরে তাজিয়া মিছিল, মাতম ও আলোচনা সভা
পত্রদূত ডেস্ক: পবিত্র আশুরা উপলক্ষে মহানবী (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) ও কারবালার শহীদদের স্মরণে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন-সংলগ্ন নুরনগর এলাকার কারবালা প্রাঙ্গণে তাজিয়া মিছিল, শোকের মাতম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আসরের পর তাজিয়া মিছিল শেষে শোক আর্তনাদ ও আলোচনা অনুষ্ঠিত হয় সুন্দরবন অঞ্চলের কারবালা প্রাঙ্গনে।
শুক্রবার ফজরের আজানের পর থেকেই পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর কারবালার মর্মান্তিক ঘটনার তাৎপর্য তুলে ধরে আলোচনা, দোয়া ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা করেন মাওলানা সাজিদুল আলম, কাজী শামসুদ্দিন, মোঃ আব্দুল লতিফ, তৌকির হাসান সোহাগ প্রমুখ।
নাদিম হোসাইন অনুষ্ঠানে কারবালার আত্মত্যাগ, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় হযরত ইমাম হোসাইন (রা.)-এর অবদান এবং ইসলামের আদর্শ রক্ষায় তাঁর ত্যাগের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
পরে শত শত শিয়া সম্প্রদায়ের নারী-পুরুষের অংশগ্রহণে একটি তাজিয়া মিছিল বের হয়। মিছিলটি কারবালা প্রাঙ্গণ ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা শোকের মাতমের মাধ্যমে কারবালার বেদনাবিধুর স্মৃতিকে স্মরণ করেন।
আয়োজকরা বলেন, কারবালার শিক্ষা মানুষকে সত্য, ন্যায়, মানবতা ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণের প্রেরণা দেয়। প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়েছে।
অনুষ্ঠানে শিয়া সম্প্রদায়ের শত শত নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
এদিকে পবিত্র আশুরা উপলক্ষে সাতক্ষীরা শহরের পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কুখরালী কলনীপাড়া ফোরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব স্থানীয় কুখরালী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুখরালী কলনীপাড়া ফোরকানিয়া মাদ্রাসা উপদেষ্টা আলহাজ্ব মো. ফজলুল হক।
অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আশুরার তাৎপর্য, ত্যাগ, ধৈর্য, ন্যায়-নীতির শিক্ষা এবং মুসলিম উম্মাহর জন্য এ দিনের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন চালতেতলা বাগানবাড়ি মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মোমেন, পারকুখরালী মসজিদের ইমাম হাফেজ মাওলানা শফিকুল ইসলাম এবং কুখরালী কলনীপাড়া ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল হালিমসহ স্থানীয় আলেম-ওলামাগণ।












