জমি নিয়ে বিরোধে বাড়িতে হামলা ও পুকুরে বিষপ্রয়োগ, আহত ৪
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের রাম গোবিন্দপুর গ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে একটি বাড়িতে হামলা, গাছপালা নিধন ও পুকুরে বিষপ্রয়োগের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গিয়ে নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। গত বুধবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের দাউদ আলী সরদার (৫০), মো. সোহানুর রহমান (২৬), আবু নাইম (২১) ও জেসমিন আরা খাতুন (৪০)। তাঁদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাম গোবিন্দপুর গ্রামের সাবির উদ্দীনের পরিবারের সঙ্গে প্রতিবেশী আব্দুল আজিজ সরদারের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে বুধবার বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক সাবির উদ্দীনের চাচা আব্দুস সামাদ সরদারের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির গাছপালা কেটে প্রায় ২৫ হাজার টাকার ক্ষতি করে। এসময় বাধা দিতে গেলে লোহার রড ও লাঠির আঘাতে চারজন রক্তাক্ত জখম হন।
অভিযোগ উঠেছে, হামলাকারীরা যাওয়ার সময় পুকুরে বিষ ঢেলে প্রায় ৪০ হাজার টাকার মাছ মেরে ফেলে এবং কিছু মাছ লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় সাবির উদ্দীন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন মো. সালাউদ্দিন বাবু, মো. সাকেরউদ্দীন সাবু, আব্দুল আজিজ সরদারসহ আরও কয়েকজন।
জানতে চাইলে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হাসান বলেন, “রাম গোবিন্দপুর গ্রামের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”









