জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার সাজেদুর রহমান
সাতক্ষীরার সন্তান ও দৈনিক ‘বাণিজ্য প্রতিদিন’ পত্রিকার স্বত্বাধিকারী কাজী সাজেদুর রহমান জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ লাভ করেছেন। জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার নেতৃত্বাধীন ৪১১জন সদস্যের অনুমোদিত তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
কাজী সাজেদুর রহমান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের জ্যেষ্ঠ পুত্র। তাঁর শৈশব ও কৈশোর কেটেছে খুলনায়। তিনি খুলনা জিলা স্কুল থেকে এসএসসি এবং খুলনা সুন্দরবন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবন শেষে সাজেদুর রহমান ব্যবসায় আত্মনিয়োগ করেন। তিনি পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের লক্ষ্যে ‘কেপিসি ইন্ডাস্ট্রিজ’ প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে দেশের শীর্ষস্থানীয় ডিসপোজেবল পেপার কাপ উৎপাদনকারী প্রতিষ্ঠান। তিনি পেপার কাপ ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ব্যবসায়িক সফলতার স্বীকৃতি হিসেবে তিনি ইতিপূর্বে ‘বর্ষসেরা এসএমই উদ্যোক্তা’ নির্বাচিত হয়ে জাতীয় পুরস্কার লাভ করেছেন। ব্যবসার পাশাপাশি তিনি লেখালেখিও করেন। তাঁর রচিত ‘উদ্যোগ ও উদ্যোক্তা উন্নয়নের রূপরেখা’ এবং ‘প্রকল্প’ শিরোনামে দুটি বই প্রকাশিত হয়েছে। বর্ণাঢ্য কর্মজীবনে জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ প্রাপ্তি তাঁর সাফল্যের মুকুটে আরও একটি নতুন পালক যোগ করল। প্রেসবিজ্ঞপ্তি












