তালায় সুভাষিনী বিদ্যালয়ের উদ্যোগে সংসদ সদস্যকে সংবর্ধনা
পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিক শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন। একই সঙ্গে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুশীল সমাজের সমন্বিত ভূমিকার তাগিদ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির ডা. মাহমুদুল হক, ডা. আফতাব উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সহসভাপতি নাজমুল হক খান ও সাধারণ সম্পাদক ইয়াসিন আলী সরদার। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করীম অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে সংসদ সদস্যকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট দেওয়া হয়।









