শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

দল-মত নির্বিশেষে আমি সবার এমপি: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
দল-মত নির্বিশেষে আমি সবার এমপি: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, “নির্বাচনে আমি দলীয় প্রার্থী হিসেবে বিজয়ী হলেও এখন আমি কোনো একটি দলের নই, বরং দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের প্রতিনিধি।”

৩ জুলাই বিকেলে তালা উপজেলার খেশরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় জামায়াতের উদ্যোগে আয়োজিত সাধারণ মানুষের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য বলেন, এ পর্যন্ত যে সরকারি বরাদ্দ এসেছে, তা জনগণের কল্যাণে বণ্টন করা হয়েছে এবং প্রকৃত প্রাপ্য ব্যক্তিদের খুঁজে তাঁদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যদি কোনো ধরনের স্বজনপ্রীতি বা অনিয়ম করে থাকেন এবং অযোগ্য কাউকে সুবিধা দিয়ে থাকেন, তবে তা আমাকে জানালে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সাংবাদিক ও ভিন্নমতের মানুষদের প্রতি কাজের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে তিনি আগামী পাঁচ বছর জনগণের খাদেম হিসেবে কাজ করার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

খেশরা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল গফুরের সভাপতিত্বে এবং মোহাম্মদ রিপনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক গাজী সুজায়েত আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, খেশরা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আলী হোসাইন, মাগুরা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আইয়ুব আলী, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু এবং মোহাম্মদ আব্দুর রশিদ।

Ads small one

আশাশুনির বড়দলে খাল খননে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
আশাশুনির বড়দলে খাল খননে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

কাজ শেষ না হতেই খালে নেট-পাটা, রেকর্ডীয় জমিতে মাটি ফেলে ভরাট

বিএম আলাউদ্দীন, আশাশুনি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে সরকারি খাল খনন প্রকল্পে চরম অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই খালে নেট-পাটা (বাঁশের বেড়া ও জাল) দিয়ে মাছ চাষের পাঁয়তারা চলছে। অন্যদিকে, খাস জমি ছেড়ে সাধারণ মানুষের ভোগদখলীয় ও রেকর্ডীয় জমিতে জোরপূর্বক মাটি ফেলে ফসলি জমি ও বসতবাড়ি নষ্ট করা হচ্ছে। রহস্যজনক কারণে এই খননকাজের দৈর্ঘ্য, প্রস্থ বা গভীরতা কতÑতা জানেন না খোদ স্থানীয় জনপ্রতিনিধি কিংবা এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়দল ইউনিয়নের জেল পাতুয়া বৈরাগী বাড়ির পাশ থেকে গোয়ালডাঙ্গার ইউপি সদস্য ভুট্টোর ঘের পর্যন্ত ‘সাতপোয়া খাল’ খননের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। অথচ কাজ সমাপ্ত হওয়ার আগেই প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় বৈরাগী বাড়ি সংলগ্ন খালে আড়াআড়িভাবে নেট-পাটা দিয়েছেন দিলীপ সানা নামের এক ব্যক্তি। এর ফলে খালের স্বাভাবিক গতিপথ ও পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, খননকৃত খালের সঙ্গে পার্শ্ববর্তী খালের কোনো সংযোগ দেওয়া হয়নি, যা মূলত নির্বিঘেœ মাছ চাষের উদ্দেশ্যে করা হয়েছে বলে স্থানীয়দের ধারণা।

একই চিত্র দেখা গেছে ইউনিয়নের ‘পাঙ্গাসমারি খালে’। জেল পাতুয়া পাঙ্গাসমারি খালে খাস জমি চিহ্নিত না করে এবং খাস খালের ওপর থাকা বসতবাড়ি উচ্ছেদ না করে যেনতেনভাবে খননকাজ চালানো হচ্ছে। ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার সত্য রঞ্জন বৈরাগীর নিকটাত্মীয় রঞ্জন মন্ডলসহ (পিতা: জগদীশ মন্ডল) বেশ কয়েকজন খাস খাল দখলে থাকলেও তা উচ্ছেদ করা হয়নি। উল্টো নিয়ম অনুযায়ী খালের মাটি সরকারি খাস জমিতে ফেলার কথা থাকলেও, প্রভাবশালীদের সুবিধা দিতে সাধারণ মানুষের রেকর্ডীয় জমির ওপর ইচ্ছেমতো মাটির স্তূপ করে রাখা হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের ফসলি জমি নষ্ট হচ্ছে এবং অনেকেই ঘরবাড়ি নিয়ে চরম বিপাকে পড়েছেন।

ভুক্তভোগী এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে এই খননকাজ চালানো হচ্ছে। সরকারি এই প্রকল্পের সুনির্দিষ্ট কোনো তথ্য সাধারণ মানুষের কাছে প্রকাশ করা হয়নি। এমনকি খালের দৈর্ঘ্য কতটুকু, কতখানি চওড়া কিংবা কতটা গভীর করে খনন করার কথা—তার ন্যূনতম তথ্যও জানানো হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তা সম্পূর্ণ গোপনে, নিজেদের খেয়ালখুশিমতো দায়সারাভাবে কাজ শেষ করার চেষ্টা চালাচ্ছেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সত্য রঞ্জন বৈরাগী বলেন, “আমাদের এই খননকাজের কোনো সিডিউল বা নকশা দেখানো হয়নি। কতটুকু গভীর বা চওড়া হবে, তা বারবার জানতে চেয়েও কোনো সদুত্তর পাইনি। সাধারণ মানুষের রেকর্ডীয় জমিতে মাটি ফেলে তাঁদের ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

বড়দল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফজাল সানা বলেন, সরকারি বরাদ্দের টাকা লোপাট এবং সাধারণ মানুষের জমি জবরদখল করে মাটি ফেলার এই হরিলুট কোনোভাবেই কাম্য নয়। খালের নেট-পাটা উচ্ছেদ করে পানিপ্রবাহ স্বাভাবিক করতে এবং এই অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের জরুরি ও আশু হস্তক্ষেপ প্রয়োজন।

 

 

টলমল পায়ের খোকা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
টলমল পায়ের খোকা

আসাদুজ্জামান খান মুকুল
হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে
পড়ে খোকন সোনা,
একটি দুটি বলছে কথা
কেবল হাতে গোনা।

নতুন কিছু দেখলে খোকা
তাকায় ঘুরে ফিরে,
উঠোন জুড়ে খেলনা গাড়ি
চালাতে চায় ধীরে।

খাতায় কভু টানছে রেখা
কলম হাতে নিয়ে,
মা যে তখন আদর মাখে
পরম স্নেহ দিয়ে।

দিনের শেষে ঘুমের দেশে
চলে খোকন একা,
স্বপন-পরী খোকার সাথে
করে তখন দেখা।

সৎকর্ম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
সৎকর্ম

গৌতম মন্ডল
সৎকর্মের আলো জ্বালাও প্রাণে,
মানুষ হোক মানুষের টানে।
স্বার্থ ভুলে বাড়াও হাত,
তবেই হবে জীবনের প্রভাত।

দান নয় শুধু অর্থের ভার,
মিষ্টি কথাও অমূল্য উপহার।
একফোঁটা ভালোবাসা, একটুখানি মায়া,
বদলে দিতে পারে জীবনের ছায়া।

ক্ষমা, দয়া, সত্যের পথে,
চলতে শিখো প্রতিটি রথে।
সৎকর্মই মানুষের শ্রেষ্ঠ পরিচয়,
তাতেই লুকিয়ে জীবনের বিজয়।

ধন-সম্পদ একদিন ফুরিয়ে যাবে,
নাম-যশও সময়ে হারিয়ে যাবে।
রয়ে যাবে শুধু ভালো কাজের স্মৃতি,
সেই হোক জীবনের শ্রেষ্ঠ অর্জন ও গতি।