দেবহাটায় কিশোর ও তরুণদের মধ্যে বাড়ছে মাদকের আসক্তি, অভিভাবকেরা উদ্বিগ্ন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলায় দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে মাদকের বিস্তার। বিশেষ করে অল্প বয়সী কিশোর ও তরুণদের মধ্যে মাদকের আসক্তি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। শহরের তুলনায় গ্রামাঞ্চলে এর নেতিবাচক প্রভাব বেশি পড়ছে বলে মনে করছেন স্থানীয় অভিভাবক, শিক্ষক ও সচেতন মহল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সহজে মাদক পাওয়া যাওয়া, অসৎ সঙ্গ, পারিবারিক অসচেতনতা এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে অনেক কিশোর ও যুবক মাদকের দিকে ঝুঁকে পড়ছে। ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় তরুণ সমাজের একটি অংশ ধীরে ধীরে বিপথগামী হয়ে পড়ছে। গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর কিছু অসাধু চক্রের মাধ্যমে গোপনে মাদক কেনাবেচা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ বেকার যুবকদের একটি অংশ মাদকের ভয়াল ছোবলে আক্রান্ত হচ্ছে। মাদকের কারণে এলাকায় পারিবারিক কলহ, চুরি, ছিনতাই ও মারামারিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকা-ও বৃদ্ধি পাচ্ছে।
বিভিন্ন গ্রামের অভিভাবকেরা জানান, আগের তুলনায় কিশোরদের মধ্যে মাদকের প্রতি আগ্রহ বেড়েছে। অনেকেই বন্ধুদের প্ররোচনায় প্রথমে কৌতুহলবশত নেশায় জড়িয়ে পড়ে, যা পরে আসক্তিতে রূপ নেয়। ফলে লেখাপড়া থেকে ঝরে পড়া, পারিবারিক অশান্তি এবং সামাজিক অবক্ষয় বাড়ছে।
শিক্ষক ও সচেতন নাগরিকেরা মনে করেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকেও সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকা-ে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান জোরদার, সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি এবং অল্প বয়সীদের মধ্যে নৈতিক শিক্ষা চর্চার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।










