প্রতিটি শিক্ষার্থী ও প্রতিটি পরিবারকে বৃক্ষ রোপণ করতে হবে: জেলা প্রশাসক কাউসার আজিজ
Oplus_131072
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, “শিশুদের শুধু পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না, তাদের সামাজিক ও মানবিক শিক্ষায়ও সমানভাবে গুরুত্ব দিতে হবে। প্রাথমিক স্তরের শিক্ষা একজন শিক্ষার্থীর সারাজীবনের ভিত্তি তৈরি করে। তাই পরিবার, বিদ্যালয় ও সমাজকে সমন্বিতভাবে শিশুদের সুশিক্ষা নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “সরকার সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি গ্রহণ করেছে, তা সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতিটি শিক্ষার্থী ও প্রতিটি পরিবার অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করলে পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় দেবহাটা উপজেলার হাদীপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে নিবন্ধিত ও কমিউনিটি শিশুদের পরিবারের মাঝে ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেদ হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া রহমান।
সুশীলন দেবহাটা এরিয়া ম্যানেজার মামুন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুশীলনের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান।
এ সময় বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা মিল্টন বিশ্বাস, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে. এম. রেজাউল করিম, হাদীপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, হাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা পারভিন, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, শিশুদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে এবং পরিবারভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পুষ্টি, অর্থনৈতিক উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক কাউসার আজিজ নিবন্ধিত ও কমিউনিটি শিশুদের পরিবারের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেন এবং বিতরণকৃত চারাগুলোর নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।












