প্রশ্নপত্রে অনিয়ম ও কোচিং বাণিজ্যের অভিযোগে বুধহাটায় মানববন্ধন
আশাশুনি সংবাদদাতা: আশাশুনির বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রে অনিয়ম এবং শিক্ষকদের কোচিং ও প্রাইভেট বাণিজ্যের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। বুধবার বিকেল সাড়ে ৩টায় বিদ্যালয়ের সামনে বুধহাটা সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৫ জুলাই অনুষ্ঠিত অর্ধবার্ষিক পরীক্ষায় উপজেলার অন্যান্য স্কুলে পরীক্ষা সমিতির অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হলেও, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলে তা মানা হয়নি। বিদ্যালয়টি নিজস্ব কঠিন প্রশ্নপত্রে পরীক্ষা নিয়েছে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের একটি শিক্ষক সিন্ডিকেট কোচিং বাণিজ্য টিকিয়ে রাখতে এবং নির্দিষ্ট কিছু শিক্ষার্থীকে সুবিধা দিতে এই কাজ করেছে।
শিক্ষার্থীদের আরও অভিযোগ, বিদ্যালয়ের প্রিন্সিপাল মহিত কুমার দাশ, গণিত শিক্ষক যুগল দাশ ও মো. সালামত হোসেন এবং ইংরেজি শিক্ষক সুজন কান্তি শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে বাধ্য করেন। প্রাইভেট না পড়লে পরীক্ষায় কম নম্বর দেওয়ার ভয় দেখানো হয়। এই অনিয়মের কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে দাবি করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বক্তারা। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।












