সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিএড স্কেল প্রাপ্তি: সুপ্রিম কোর্টের আদেশে ২৩ বেসরকারি কলেজের সনদ বহাল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
বিএড স্কেল প্রাপ্তি: সুপ্রিম কোর্টের আদেশে ২৩ বেসরকারি কলেজের সনদ বহাল

পত্রদূত রিপোর্ট: সারা দেশের বেসরকারি ২৩টি বিএড (ব্যাচেলর অব এডুকেশন) কলেজ থেকে ডিগ্রি অর্জনকারী শিক্ষকদের বিএড স্কেল সুবিধা প্রদানের বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আদালতের রায় ও অবমাননা মামলার আদেশ বহাল থাকায় এই ২৩টি কলেজের সনদধারীদের পূর্বের ন্যায় বিএড স্কেল দেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আইন শাখা থেকে জারি করা এক চিঠিতে মাউশির মহাপরিচালককে এই নির্দেশ দেওয়া হয়। সহকারী সচিব মো. আব্দুল জলিল মজুমদার স্বাক্ষরিত ওই চিঠিতে পূর্বের প্রজ্ঞাপন কঠোরভাবে বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রণালয় ও আদালত সূত্রে জানা গেছে, দেশের বেসরকারি বিএড কলেজ পরিচালনা সংক্রান্ত বিষয়ে ২০০৮ সালের ১৫ মে শিক্ষা মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছিল। ওই পরিপত্রের কার্যকারিতার ওপর হাইকোর্টে রিট পিটিশন (নম্বর: ৫০৩৮/২০০৯) দায়ের করা হয়। পরবর্তীতে হাইকোর্ট বিভাগ মন্ত্রণালয়ের ওই পরিপত্রটি বাতিল করে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল (নম্বর: ৯৯/২০১৪) এবং পরবর্তীতে আদালত অবমাননার পিটিশন (নম্বর: ১৫৩/২০১৪) দায়ের করা হয়।

সর্বোচ্চ আদালতের এই আইনি প্রক্রিয়ার প্রেক্ষিতে ২০১৬ সালের ২৮ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের তৎকালীন আইন কর্মকর্তা (যুগ্মসচিব) ডা. মো. ফারুক হোসেনের স্বাক্ষরে রিটকারী পক্ষের ২৩টি বেসরকারি বিএড কলেজের সনদের বৈধতা ও বিএড স্কেল প্রাপ্তির বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই মোতাবেক দীর্ঘদিন ধরে এই ২৩টি কলেজ থেকে পাস করা শিক্ষার্থীরা বিএড স্কেল পেয়ে আসছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের আপিল মামলার চূড়ান্ত নিষ্পত্তির আদেশ এবং আদালত অবমাননার পিটিশন বহাল থাকার পরও কতিপয় ক্ষেত্রে নির্দেশনা উপেক্ষা করার প্রবণতা দেখা যাচ্ছে। সুনির্দিষ্ট অনুমোদিত তালিকাভুক্ত এই ২৩টি বেসরকারি কলেজ ছাড়া অন্য কোনো অননুমোদিত বেসরকারি কলেজের সার্টিফিকেটের বিপরীতে সরকারি কোষাগার থেকে অর্থ বিল প্রদান করা হলে তা আর্থিক অনিয়ম বা অর্থ তছরুপ হিসেবে গণ্য হবে। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় জটিল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

এই জটিলতা নিরসনে এবং আদালতের রায় প্রতিপালনের লক্ষ্যে, ২০১৬ সালের ২৮ জানুয়ারি জারিকৃত স্মারকটি (শিম/আইন সেল(রীট)-৬/সাতক্ষীরা/২০০৯/৪৬) শতভাগ বাস্তবায়নের জন্য মাউশিকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
চিঠির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা ও অবগতির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সকল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষার পরিচালক, জেলা শিক্ষা অফিসার এবং শিক্ষা মন্ত্রণালয়ের আইসিটি অধিশাখাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

 

Ads small one

গাইবান্ধায় ট্রাক চাপায় সাবেক দায়রা জজ নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১:৪১ অপরাহ্ণ
গাইবান্ধায় ট্রাক চাপায় সাবেক দায়রা জজ নিহত

অনলাইন ডেস্ক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় আউয়াল সরকার নামের অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিহত হয়েছেন। আজ সোমবার সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করছেন।

 

রোববার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়কের বামনডাঙ্গা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আউয়াল সরকারের বাড়ি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সৈয়দ আলী সরকারের ছেলে। তিনি সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ। পেশাজীবনে তিনি রংপুর, লালমনিরহাট, বাগেরহাট, গাজীপুর, ঢাকা ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জায়গায় জজ হিসেবে কর্মরত ছিলেন। চাকরি শেষে তিনি গাইবান্ধা জজ কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছিলেন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান,গতকাল রোববার রাতে মোটরসাইকেল নিয়ে গাইবান্ধা শহর থেকে বাড়িতে ফিরছিলেন।

 

পথে বামনডাঙ্গা ফিলিং স্টেশন এলাকায় এলে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। পরিবারের পক্ষ মামলার প্রস্তুতি চলছে।

 

চোর গেল জেলে, আলামত গরু নিয়ে বিপাকে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ি!

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ
চোর গেল জেলে, আলামত গরু নিয়ে বিপাকে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ি!

জি আমিনুল হক: অনলাইন জুয়া খেলে সব হারিয়ে অবশেষে মাঠ থেকে গরু চুরি করে হাটে বিক্রি করতে গিয়ে ধরা পড়ল চোর। বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠালো, কিন্তু আইনি মারপ্যাঁচে পড়ে মামলার ‘আলামত’ হিসেবে এখন সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে আটক রয়েছে একটি কালো রংয়ের এড়ে গরু।

গত ২১ মে দুপুরের পরে গরুটাকে দেবনগর গ্রাম থেকে চুরি করে ব্রহ্মরাজপুর অস্থায়ী কুরবানির পশুর হাটে বিক্রি করা হয়। পরে পাশ করার সময় কতৃপক্ষসহ স্থানীয়দের সন্দেহ হলে বিক্রেতা সাতক্ষীরার কালিগঞ্জ থানার বরজো পাটুরি গ্রামের আদর আলী গাজীর ছেলে মোঃ রাজু হোসেনকে জিজ্ঞাসা করলে সে চুরির কথা স্বীকার করে। বাজার কতৃপক্ষ গরুসহ তাকে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীতে সোপর্দ করেন।

 

বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে দেবনগর গ্রামের গরীব ভ্যানচালক আবুল কাশেম এসে গরুটি তার বলে সনাক্ত করেন। পরে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এসআই হাবিবুর রহমানের সহযোগিতায় সদর থানায় একটি মামলা করেন। মামলার আলামত হিসেবে একমাত্র গরুটি এখন পুলিশ হেফাজতে আছে। আইনি জটিলতায় অবলা গরুর ঠাঁই হয়েছে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীতে।

শ্যামনগরে চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতা হাজী নজরুলসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১:২১ অপরাহ্ণ
শ্যামনগরে চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতা হাজী নজরুলসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরে জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের চলমান বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি, হামলা ও কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে এবার জামায়াত নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৫ মে) রাতে শ্যামনগর থানায় মামলাটি দায়ের করেন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আর-রাদ করপোরেশনের আইন কর্মকর্তা মো. জালাল উদ্দিন। মামলায় প্রধান আসামি করা হয়েছে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ ও সুরা সদস্য হাজী মো. নজরুল ইসলামকে। এছাড়া তার ছেলে আব্দুর রহমান, বিশ্বজিৎ মন্ডলসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শ্যামনগরের পূর্ব দুর্গাবাটি এলাকায় জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে ডিএল-উন্নয়ন (জেভি) ও ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের পক্ষে আর-রাদ করপোরেশন। অভিযোগ রয়েছে, গত বছরের আগস্ট থেকে অভিযুক্ত চেয়ারম্যান নজরুল ইসলাম প্রকল্প সংশ্লিষ্টদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন এবং কাজ বন্ধের জন্য চাপ প্রয়োগ করছিলেন।

এজাহারে বলা হয়, চাঁদা না দেওয়ায় গত ১৪ এপ্রিল থেকে প্রকল্পের কাজ কার্যত বন্ধ হয়ে যায়। পরে বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পুলিশ সুপারকে অবহিত করা হলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত ১৯ মে রাতে প্রকল্প এলাকায় গিয়ে চেয়ারম্যান নজরুল ইসলাম প্রকাশ্যে ১৫ লাখ টাকা দাবি করেন এবং কাজ চালিয়ে গেলে কর্মকর্তা-কর্মচারীদের হত্যার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২৩ মে দুপুরে চেয়ারম্যান নজরুল ইসলাম, তার ছেলে আব্দুর রহমান ও স্থানীয় কয়েকজন মোটরসাইকেল বহর নিয়ে প্রকল্প সাইটে যান। সেখানে প্রকৌশলী জাহিদ হাসানকে মারধর করে গুরুতর আহত করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। হামলাকারীদের বাধা দিতে গেলে কিউরিং ম্যান ফেরদৌসকেও মারধর করা হয়। পরে প্রকৌশলী জাহিদের হাতে থাকা একটি অ্যাপল আল্ট্রা স্মার্টওয়াচ ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়েছে।

মামলার বাদী দাবি করেন, পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ রয়েছে। আহত জাহিদ হাসান ও ফেরদৌস শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর নিরাপত্তাহীনতায় প্রকল্পের কাজ বন্ধ রয়েছে এবং সাইটে থাকা কোটি টাকার যন্ত্রপাতি ঝুঁকির মধ্যে রয়েছে।

এর আগে গত ১৩ মে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁইয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, খোলপেটুয়া, মালঞ্চ ও কালিন্দী নদীর তীররক্ষা এবং বাঁধ সংস্কারের গুরুত্বপূর্ণ প্রকল্পে স্থানীয়ভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে।

প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, বর্ষার আগে বাঁধ নির্মাণ কাজ শেষ করা না গেলে উপকূলীয় বিস্তীর্ণ এলাকা নদীভাঙন ও জলোচ্ছ্বাসের ঝুঁকিতে পড়তে পারে। পাশাপাশি আন্তর্জাতিক অর্থায়নের এই প্রকল্প বাধাগ্রস্ত হলে দেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আর-রাদ করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সবুজ আলী খান বলেন, বর্ষার আগে কাজ শেষ করা না গেলে পুরো উপকূলীয় এলাকা ঝুঁকির মুখে পড়বে। অথচ বারবার বাধা ও হুমকির কারণে কাজ চালানো কঠিন হয়ে পড়েছে।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. নজরুল ইসলাম। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আর যেদিন হামলার অভিযোগ আনা হয়েছে, ওই সময় আমি ইউনিয়ন পরিষদের বাজেট অধিবেশনে ছিলাম।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান বলেন, সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া যায়। এর কয়েক দিন পর আবারও প্রকল্প এলাকায় অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীদের বিরুদ্ধে হামলা ও মারপিটের অভিযোগ ওঠে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।

তিনি জানান, পুলিশ আসামিদের গ্রেপ্তারে তৎপর রয়েছে। আশা করছি দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হবে। পাশাপাশি সরকারের চলমান এই প্রকল্প যাতে নির্বিঘেœ বাস্তবায়ন করা যায়, সে ব্যাপারেও পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।