ভোমরায় ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা ও লিগ্যাল ক্যাম্প
সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন পরিষদে আগামী ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট আলোচনা সভা ও কমিউনিটি লিগ্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ চত্বরে এই সভার আয়োজন করা হয়। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্বদেশ’ তাদের ‘এনগেজ নাউ’ প্রকল্পের অধীনে এই অনুষ্ঠানের বাস্তবায়ন করে।
ভোমরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে বাজেট সভায় বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব এবং আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল ইসলাম। উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে স্থানীয় নাগরিকেরা এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ও সামাজিক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তা বাজেটে অন্তর্ভুক্তির দাবি জানান।
পরে বিকেল চারটায় একই স্থানে একটি ‘কাকলী কমিউনিটি লিগ্যাল ক্যাম্প’ (আইনি সহায়তা ক্যাম্প) অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউপির প্রশাসনিক কর্মকর্তা রেজাউল ইসলাম। ক্যাম্পে উপস্থিত নাগরিকদের বিভিন্ন আইনি পরামর্শ দেন স্বদেশ সংস্থার প্রোগ্রাম অফিসার মো. আজাহারুল ইসলাম ও হিসাবরক্ষক তাপস বিশ্বাস।









