মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু, জানাজায় এমপি
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত স্কুলছাত্র মাহিমের (১৫) জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এই জানাজায় স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।
জানাজায় উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক। তিনি নিহত মাহিমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি শোকাতুর পরিবারের খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
জানাজায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রহমত আলী, জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এইচ এম শামিম, সেক্রেটারি আবু বক্কর, জামায়াত নেতা মাস্টার ইউনুস আলী, নওশের আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত মাহিম উপজেলার ভোজগাতী গ্রামের বাসিন্দা এবং কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। শনিবার সকালে সে মোটরসাইকেলযোগে মণিরামপুর শহর থেকে কুয়াদা বাজারের দিকে যাচ্ছিল। পথে যশোর-সাতক্ষীরা সড়কের আটমাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলার ও গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্কুলছাত্রের মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।









