রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিশু রামিসা হত্যা ও ধর্ষণের বিচার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
শিশু রামিসা হত্যা ও ধর্ষণের বিচার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

সংবাদদাতা: রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা এবং চট্টগ্রামে তিন বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৪ মে (রবিবার) বেলা ৩টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিকা) এই কর্মসূচির আয়োজন করে। ‘কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী– সিআরইএ’ প্রকল্পের আওতায় এবং লিডার্স, মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ধর্ষণ, নিপীড়ন ও নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি সংবলিত ফেস্টুন দেখা যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক শিশু ধর্ষণ ও নারী সহিংসতার ঘটনা সমাজকে গভীরভাবে নাড়া দিচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, যার ফলে অপরাধপ্রবণতা আরও বাড়ছে। শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে।

 

পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সমাবেশ থেকে শিশু রামিসার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবির পাশাপাশি দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন বন্ধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

 

Ads small one

ইরানের সঙ্গে চুক্তিতে পারমাণবিক হুমকি দূর করতে হবে: নেতানিয়াহু

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
ইরানের সঙ্গে চুক্তিতে পারমাণবিক হুমকি দূর করতে হবে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে যেকোনও ধরনের চূড়ান্ত চুক্তির ক্ষেত্রে অবশ্যই দেশটির পারমাণবিক হুমকি সম্পূর্ণভাবে দূর করতে হবে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই দাবির কথা জানান।

নেতানিয়াহু বলেন, তিনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে একমত হয়েছেন যে ইরানের সঙ্গে যেকোনও চূড়ান্ত চুক্তিতে পারমাণবিক বিপদ দূর করার বিষয়টি নিশ্চিত করতে হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেছেন, পারমাণবিক হুমকি দূর করার অর্থ হলো, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণভাবে ভেঙে ফেলা বা গুঁড়িয়ে দেওয়া এবং দেশটির ভূখণ্ড থেকে সব সমৃদ্ধ পারমাণবিক উপাদান সরিয়ে নেওয়া।

সূত্র: সিনহুয়া

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমিনুর রহিম আর নেই

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমিনুর রহিম আর নেই

নিজস্ব প্রতিনিধি: বিশিষ্ট শিক্ষাবিদ, দৈনিক পত্রদূতের সম্পাদক মন্ডলীর সাবেক সভাপতি প্রয়াত আনিসুর রহিমের বড় ভাই এবং বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে রবিবার বেলা ১১ টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি পেশাগত জীবনে একজন সফল ব্যবসায়ী ছিলেন এবং ব্যবসা থেকে অবসর নেওয়ার পর সামাজিক কর্মকা-ে যুক্ত ছিলেন।

মরহুমের জানাজার নামাজ সন্ধ্যা সাড়ে ৭ টায় পিটিআই সংলগ্ন পিএন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন শাহপাড়া মসজিদের ইমাম হাফেজ কাজী সাঈদ। জানাজা শেষে মরহুমের মরদেহ কামালনগর কবরস্থানে দাফন করা হয়েছে।

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম। রবিবার (২৪ মে) তাকে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ (বিআরপিডি-২) থেকে জারি করা এক চিঠিতে এ নিয়োগের কথা জানানো হয়। চিঠিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ কার্যকর করা হয়েছে। এতে বলা হয়, মো. খুরশীদ আলমকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

একই দিনে ব্যাংকের বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

ব্যাংক সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ব্যাংকের পরিচালনা ও নীতিনির্ধারণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে উচ্চপর্যায়ের মতবিরোধ তৈরি হয়। এর মধ্যেই চেয়ারম্যান দীর্ঘ সময় বিদেশে ছুটিতে অবস্থান করেন। একই সময়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকেও ছুটিতে পাঠানো হয়। গত ১২ এপ্রিল পরিচালনা পর্ষদের সভায় এ ছুটি অনুমোদন করা হয়েছিল।

রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে পর্ষদ সভা আহ্বান করা হলে সেখানে কিছু গ্রাহক ও কর্মকর্তা উপস্থিত হয়ে এমডি ও চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। এমন পরিস্থিতির মধ্যেই চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের কাছে পদত্যাগপত্র পাঠান। একই দিনে এমডি ওমর ফারুক খানও পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন বলে ব্যাংক সূত্র জানিয়েছে। তবে পর্ষদ সভা বাতিল হওয়ায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেনসহ শীর্ষ কর্মকর্তাদের কেন্দ্রীয় ব্যাংকে তলব করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়। পরবর্তী সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালক নিয়োগের মাধ্যমে ব্যাংকটির পরিচালনা কাঠামো পুনর্গঠন করে।

ব্যাংকের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে ইসলামী ব্যাংকের মুনাফা ছিল প্রায় ৪৪৭ কোটি টাকা, যা ২০২৫ সালে নেমে আসে ১৩৭ কোটি টাকায়। একই সময়ে খেলাপি ঋণের হার ৪ দশমিক ২৫ শতাংশ থেকে বেড়ে প্রায় ৪৯ শতাংশে পৌঁছেছে। বর্তমানে ব্যাংকটির ৯২ হাজার কোটি টাকার বেশি ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত।

শেয়ারহোল্ডিং কাঠামোতেও বড় পরিবর্তন এসেছে। বিদেশি বিনিয়োগকারীদের অংশীদারত্ব ৬৩ শতাংশ থেকে কমে ২০২৬ সালের মার্চে ১৭ দশমিক ৯১ শতাংশে নেমে আসে। অন্যদিকে এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট প্রায় ৮২ শতাংশ শেয়ার বাংলাদেশ ব্যাংক জব্দ করেছে।