শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনে গোলটেবিল বৈঠক
শ্যামনগর প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগরে খাবার পানির সংকট দিন দিন প্রকট হচ্ছে। এই পরিস্থিতিতে সুপেয় পানির বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে ২৩ জুন মঙ্গলবার উপজেলা সদরে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’ এর আয়োজনে এবং ‘ওয়াটারএইড বাংলাদেশ’ এর সহযোগিতায় সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদের হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়াটারএইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার প্রকৌশলী মো. রিফাতের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক।
বৈঠকে বক্তারা বলেন, সুন্দরবন ও বঙ্গোপসাগর উপকূলবর্তী জনপদ শ্যামনগরে নিরাপদ খাবার পানির অভাব দীর্ঘদিনের। জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ততা বেড়ে যাওয়ায় খাবার পানির উৎসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সুপেয় পানির অভাবে শুধু মানুষই নয়, গবাদিপশুও নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। নিরাপদ পানির জন্য সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। এই সংকট দূর করতে সরকারি জলাধার রক্ষা করাসহ বহুমুখী উপায়ে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি সুপেয় পানি সরবরাহের সহজ ও সঠিক পদ্ধতি খুঁজে বের করতে ব্যাপক গবেষণার তাগিদ দেন বক্তারা।
রূপান্তরের ইসিআর ওয়াশ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার তছলিম আহম্মেদ টংকারের সঞ্চালনায় বৈঠকে আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির, শ্যামনগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও এনজিও সমন্বয়কারী গাজী আল ইমরান, শিক্ষা একাডেমির সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রবিউল ইসলাম প্রমুখ। বৈঠকে সরকারি-বেসরকারি কর্মকর্তা, ইউপি সদস্য, এনজিও প্রতিনিধি ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।









