সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো আম সংগ্রহের মৌসুম
ইব্রাহিম খলিল: বাগানে বাগানে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সাতক্ষীরায় শুরু হয়েছে মৌসুমের আনুষ্ঠানিক আম সংগ্রহ কার্যক্রম। নির্ধারিত সময় মেনে ও গুণগত মান বজায় রেখে নিরাপদ বাজারজাত নিশ্চিত করতে এ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার ফিংড়ী আমবাগানে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আম সংগ্রহের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) বিষ্ণুপদ পাল।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক এবং আমচাষিরা।
বাগানজুড়ে চাষিদের ব্যস্ততা ও আম সংগ্রহের কার্যক্রমে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
কৃষি কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় অনুযায়ী আম সংগ্রহ শুরু হওয়ায় সাতক্ষীরার আমের গুণগত মান বজায় থাকবে এবং বাজারে এর চাহিদা আরও বাড়বে। একই সঙ্গে অপরিপক্ব ও রাসায়নিকযুক্ত আম বাজারজাত ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কঠোর নজরদারি রাখছে।
চাষিরা জানান, মৌসুম শুরু হওয়ায় তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং ভালো ফলন ও ন্যায্য দামের প্রত্যাশায় তারা ব্যস্ত সময় পার করছেন।












