সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
সংবাদদাতা: প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে সাতক্ষীরায় ‘বাংলাদেশ ডিজাস্টার অ্যালার্ট’ মোবাইল অ্যাপের এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন বিকেল তিনটায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘প্র্যাকটিক্যাল অ্যাকশন’ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এই অ্যাপটির মাধ্যমে ঘূর্ণিঝড়, ভারী বর্ষণ, বজ্রপাত, বন্যা ও তাপপ্রবাহসহ ১২টি মারাত্মক দুর্যোগের পূর্বাভাস সরাসরি ব্যবহারকারীর মোবাইল ফোনে পৌঁছে যাবে। এতে উপস্থিত ছিলেন প্র্যাকটিক্যাল অ্যাকশনের কর্মকর্তা রাফসান আহমেদ, জাহাঙ্গীর আলম, জাহিদ হাসান ও মোস্তাফিজুর রহমান রিপন।
সাতক্ষীরা পৌরসভার পক্ষে অংশ নেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আখতারুজ্জামান তালুকদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান ও স্যানিটারি ইন্সপেক্টর মো. রবিউল আলম। এছাড়াও প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকাররাম বিল্লাহ ইমনসহ বিভিন্ন যুব সংগঠনের ২৫ জন সদস্য ও স্থানীয় সাংবাদিকেরা কর্মশালায় উপস্থিত ছিলেন।









