মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

কলারোয়ায় খামারিদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
কলারোয়ায় খামারিদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

 

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলে টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় খামারিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার (৮ জুন) কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এবং উন্নয়ন সংস্থা ‘উন্নয়ন প্রচেষ্টা’র বাস্তবায়নাধীন স্মার্ট প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে উপজেলার প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা ও খামারিরা অংশ নেন। অনুষ্ঠানে উন্নয়ন প্রচেষ্টার কর্মকর্তা জাহিদুল ইসলাম ও শেখ আসিফ রেজা উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি

Ads small one

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননায় সৈয়দ আব্দুল হাদী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ
শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননায় সৈয়দ আব্দুল হাদী

বাংলা সংগীতের জীবন্ত কিংবদন্তী ও কালজয়ী কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীকে বিশেষ সম্মাননা জানাতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সম্প্রতি শিল্পকলা একাডেমির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আগামী ১২ জুন সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই সম্মাননা প্রদান ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় পুরো অনুষ্ঠানটি আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্ধশতাব্দীরও অধিক সময় ধরে বাংলা গানকে নিজস্ব কণ্ঠমাধুর্য, শিল্পনিষ্ঠা ও অনবদ্য পরিবেশনার মাধ্যমে সমৃদ্ধ করে জাতির সাংস্কৃতিক ঐতিহ্যকে ঋদ্ধ করার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের সংগীতভুবনের এই জীবন্ত কিংবদন্তীকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হচ্ছে।

বাংলাদেশের আধুনিক গানের স্বর্ণযুগকে যারা সমৃদ্ধ করেছেন, সৈয়দ আব্দুল হাদী তাদের মধ্যে অন্যতম। তাঁর কণ্ঠের ব্যাপ্তি, তন্ময়তা আর বিদগ্ধ-গম্ভীর সুরআবেগ সাধারণ শ্রোতা থেকে শুরু করে গুণীজন—সবার হৃদয়কে স্পর্শ করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সৈয়দ আব্দুল হাদী এমন একজন মাপের শিল্পী, যিনি খ্যাতির শিখরে থেকেও চিরকাল প্রচারবিমুখ ও অনাড়ম্বর জীবনযাপন করেছেন। তিনি প্রমাণ করেছেন, প্রকৃত শিল্পী হতে গেলে আত্মপ্রচারের চেয়ে আত্মনিবেদন বড়। শুধু তাঁর গানের গুণগত মানের জন্য নয়, বরং একজন মানুষ হিসেবে তাঁর দৃষ্টিভঙ্গি ও জীবনবোধের প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

১২ জুনের এই আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বরেণ্য শিল্পীরা উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ।

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৪ জন নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০:০২ পূর্বাহ্ণ
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৪ জন নিহত

টাঙ্গাইলের সখিপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপের ধাক্কায় চার জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ মে) ভোর সাড়ে ৪টার দিকে সখিপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বাসিন্দা আব্দুল হাকিম মিয়ার ছেলে মুরগির পিকআপের চালক নূরনবী (৬৪), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পলাশের ছেলে পিকআপের হেলপার রফিকুল (১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বাসিন্দা এরশাদের ছেলে সাগর (২২) ও ভোলা সদর উপজেলার সেলিমের ছেলে সুমন (২৬)। তারা সবাই মুরগিবাহী পিকআপের ছিলেন।

স্থানীয়রা জানান, বাঁশবোঝাই ট্রাকটি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী একটি মুরগিবাহী পিকআপ বাঁশবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই চার জন মারা যান। পুলিশ খরব পেয়ে লাশগুলো উদ্ধার করে সখিপুর থানায় নিয়ে যায়।

সখিপুর থানার এএসআই মো. আল মামুন বলেন, ‘নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন এলে আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো হস্তান্তর করা হবে।’

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাসহ দেশের বেশ কয়েকটি এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

সোমবার (৮ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে এটি সারাদেশে বিস্তার লাভের জন্য অনুকূল পরিস্থিতি রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।