রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমিনুর রহিম আর নেই

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমিনুর রহিম আর নেই

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক (দৈনিক পত্রদূতের প্রয়াত সম্পাদক ম-লীর সভাপতি) আনিসুর রহিমের বড় ভাই আমিনুর রহিম (বুলু) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

রবিবার সকাল ১১টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুরের নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পেশাগত জীবনে সফল এই ব্যবসায়ী অবসর নেওয়ার পর বিভিন্ন সামাজিক কর্মকা-ে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। এক শোকবার্তায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শহরের পিটিআই সংলগ্ন পিএন হাইস্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন শাহপাড়া মসজিদের ইমাম হাফেজ কাজী সাঈদ। জানাজা শেষে কামালনগর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে।

Ads small one

প্রাথমিক শিক্ষা পদকে শ্যামনগরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বাবুলাল, শ্রেষ্ঠ স্কুল খ্যাগড়াদানা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
প্রাথমিক শিক্ষা পদকে শ্যামনগরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বাবুলাল, শ্রেষ্ঠ স্কুল খ্যাগড়াদানা

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: চলতি বছরের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় শ্যামনগর উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন ১৪ নম্বর চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুলাল মিস্ত্রী। একই সাথে উপজেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে ৯১ নম্বর খ্যাগড়াদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৬ সালের প্রাথমিক শিক্ষা পদকের তালিকায় অন্যান্য ক্যাটাগরিতে নির্বাচিতরা হলেনÑশ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) মো. আমিনুর রহমান (১৩ নং হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নাসরিন আক্তার (৯১ নং খ্যাগড়াদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়)।
এছাড়া শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. শাহীন হোসেন, শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) মো. সুমন আহমেদ, শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) সেলিনা খাতুন এবং শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে মো. খায়রুল আলম নির্বাচিত হয়েছেন। উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক জানান, সরকারি নিয়মানুযায়ী গঠিত কমিটির চূড়ান্ত যাচাই-বাছাই শেষে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।

দেবহাটার কুলিয়া বাজারে মাদকের বিস্তার, বাড়ছে চুরি ও আতঙ্ক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
দেবহাটার কুলিয়া বাজারে মাদকের বিস্তার, বাড়ছে চুরি ও আতঙ্ক

 

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া বাজার ও এর আশপাশের এলাকাগুলোতে মাদক বেচাকেনা ও মাদকসেবীদের দাপট আশঙ্কাজনকভাবে বেড়েছে। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে এলাকায় দিন-রাত সমানতালে ঘটছে চুরির ঘটনা। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, কুলিয়া বাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে। সেখানে দিন-রাত অবাধে চলছে মাদক কেনাবেচা ও সেবন। উঠতি বয়সের যুবকসহ বিভিন্ন বয়সী মানুষ এই মরণনেশায় আসক্ত হয়ে পড়ছে। আর এই নেশার টাকা জোগাড় করতে মাদকসেবীরা চুরিকে পেশা হিসেবে বেছে নিয়েছে।
ব্যবসায়ীরা জানান, কুলিয়া বাজার এলাকায় এখন কোনো কিছুই নিরাপদ নয়। সুযোগ পেলেই দোকানের তালা ভেঙে, বাসাবাড়ির জানালা গলিয়ে মোবাইল ফোন, নগদ টাকা, বাইসাইকেল, দোকানের মালামাল, এমনকি গৃহপালিত পশু ও গাছের ফল পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। রাতের আঁধারে তো বটেই, দিনের বেলাতেও মানুষ একটু অসতর্ক হলেই চুরির ঘটনা ঘটছে। বিশেষ করে দুপুরের দিকে দোকান বন্ধ থাকার সময় পাহারাদার না থাকায় চুরির উপদ্রব বেশি হয়।
অনুসন্ধানে জানা গেছে, বাজার কমিটির নির্দেশ অমান্য করে মধ্যরাত পর্যন্ত কিছু দোকানপাট খোলা রাখার সুযোগে এই অপরাধী চক্রটি বাজারে অবাধে বিচরণ করে। দিনের বেলা কুলিয়া মৎস্য শেড বন্ধ হওয়ার পর রাতে সেখানে বসে মোবাইল জুয়া ও মাদকের আসর। এছাড়া বাজারের শহীদ মিনারের পাশের পরিত্যক্ত দোকান, দোতলা মার্কেটের আন্ডারগ্রাউন্ডের পরিত্যক্ত স্থান, চার রাস্তার মোড়ের যাত্রী ছাউনি এবং কুলিয়া ব্রিজের নিচের অংশকে মাদক চক্রটি নিয়মিত আড্ডাখানা হিসেবে ব্যবহার করছে।
বাজারে নৈশপ্রহরী থাকলেও এই চক্রের সদস্যদের উগ্রতার কাছে তারা অসহায়। প্রায়ই নৈশপ্রহরীদের সঙ্গে এই চক্রের সদস্যদের বাকবিত-ায় লিপ্ত হতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, অপরাধীরা স্থানীয় হওয়ায় এবং তাদের হুমকি-ধমকির ভয়ে কেউ মুখ খোলার সাহস পান না। ফলে অনেকেই আর্থিক ক্ষতি সহ্য করেও নীরব থাকছেন।
স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীদের মতে, এলাকায় মাদক ব্যবসা পুরোপুরি বন্ধ করা না গেলে এই চুরির সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়। তাঁরা অবিলম্বে কুলিয়া বাজার ও আশপাশের এলাকায় পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে মাদকের মূল আস্তানাগুলোতে দ্রুত অভিযান চালিয়ে অপরাধীদের আইনের আওতায় আনতে সাতক্ষীরা জেলা পুলিশ ও দেবহাটা থানা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আশাশুনি সদরে ভিজিএফের চাল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ণ
আশাশুনি সদরে ভিজিএফের চাল বিতরণ

 

আশাশুনি প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি সদর ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ট্যাগ অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ এবং সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেনের উপস্থিতিতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তালিকাভুক্ত ৬৯৪ জন সুবিধাভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ইউপি সদস্যদের মাধ্যমে পৃথক পৃথক স্থানে মোট ৬ মেট্রিক টন ৯৪০ কেজি চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।