রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি

মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা এক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত পাঁচ শত টাকায় মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন

পরীমণির পক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ৪ নভেম্বর পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমে পক্ষের সময়ের আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার একটি আদালত।

সময়ের আবেদনে এই আইনজীবী উল্লেখ করেন, গত ৪ নভেম্বর মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য দিন নির্ধারণ ছিল। তবে এই মামলার আসামি পরীমণি অ্যালার্জিজনিত কারণে অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি বিধায় সময় অবশ্যক। অন্যথায় আসামির অপূরণীয় ক্ষতির কারণ হবে। অন্যদিকে এ মামলার বাদী আদালতে উপস্থিত থেকে আসামিদের জামিন বাতিলের প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত আসামির জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানার নির্দেশ দেন।

২০২৪ সালের ১৮ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। তবে আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

গত বছরের ২৬ জানুয়ারি আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। ২০২২ সালের ৬ জুলাই ঢাকার আদালতে মামলাটি করেন নাসির উদ্দিন।

মামলার এজাহারে বলা হয়, পরীমণি ও তার সহযোগীরা অ্যালকোহলসেবী। সুযোগ বুঝে তারা বিভিন্ন নামীদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান।

২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। বাদী ও তার সহযোগী শাহ শহিদুল আলম রাত সোয়া ১টার দিকে যখন ক্লাব ত্যাগ করছিলেন, তখন পরীমণি উদ্দেশ্যমূলকভাবে বাদী নাসির উদ্দিনকে ডাক দেন এবং তাদের সঙ্গে কিছু সময় বসার অনুরোধ করেন।

একপর্যায়ে পরীমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য বাদীকে চাপ দেন। বাদী এতে রাজি না হওয়ায় পরীমণি বাদীকে গালমন্দ করেন।

বাদী এবং আসামিদের মধ্যে বাদানুবাদের একপর্যায়ে পরীমণি বাদীর দিকে একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুড়ে মারেন। এতে নাসির উদ্দিন মাথায় ও বুকে আঘাতপ্রাপ্ত হন। পরীমণি ও তার সহযোগীরা নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও ভাঙচুর করেছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে পরীমণি সাভার থানায় বাদীসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন। বর্তমানে এই মামলাটি ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

Ads small one

সম্পাদকীয়/প্রসঙ্গ: আমন ধানের বাম্পার ফলন ও কৃষকের নায্যমূল্য প্রাপ্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
সম্পাদকীয়/প্রসঙ্গ: আমন ধানের বাম্পার ফলন ও কৃষকের নায্যমূল্য প্রাপ্তি

সাতক্ষীরার বিস্তীর্ণ জনপদে এখন সোনালি ধানের হাসিমুখ। অনুকূল আবহাওয়া এবং কৃষি বিভাগের নিবিড় পরিচর্যা ও পরামর্শে চলতি মৌসুমে উপকূলীয় এই জেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। একদিকে মাঠজুড়ে সোনালি ফসলের সমারোহ এবং কৃষকের ঘরে নতুন ধান তোলার ব্যস্ততা আনন্দদায়ক হলেও অন্যদিকে বাজারে ধানের কাক্সিক্ষত দাম না পাওয়ায় কৃষকদের মুখে নেমে এসেছে উদ্বেগের ছায়া। একদিকে উৎপাদন খরচের ঊর্ধ্বগতি, অন্যদিকে তুলনামূলক কম দামে ধান বিক্রি করতে বাধ্য হওয়াÑএই দুইয়ের যাঁতাকলে পড়ে দেশের অন্ন জোগানদাতা কৃষকরা আজ বড় বিপাকে পড়েছেন।

চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৯০ হাজার ১৬০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। হাইব্রিড, উফশী ও স্থানীয় জাতের এই বাম্পার ফলন প্রমাণ করে যে এ অঞ্চলের কৃষকদের শ্রম ও নিষ্ঠার কোনো কমতি নেই। তবে এই সাফল্যের পেছনেও রয়েছে কিছু কাঠামোগত চ্যালেঞ্জ। বিশেষ করে কৃত্রিম জলাবদ্ধতার কারণে জেলার বিভিন্ন উপজেলার অন্তত ১ হাজার ৭০২ হেক্টর জমি অনাবাদি থেকে গেছে। বছরের পর বছর জলাবদ্ধতা নিষ্কাশনের টেকসই ব্যবস্থা না থাকায় শত শত হেক্টর উর্বর কৃষিজমি চাষের বাইরে থেকে যাচ্ছে, যা খাদ্যনিরাপত্তার জন্য একটি বড় অশনিসংকেত। জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনে কৃষির এই অর্জন হুমকির মুখে পড়তে পারে।

সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো উৎপাদিত ফসলের সঠিক মূল্য প্রাপ্তি। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে বাজারে প্রতি মণ মোটা ধান ১ হাজার টাকা এবং চিকন ধান ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ বর্তমান বাজারে সার, বীজ, কীটনাশক, সেচ ও কৃষি শ্রমিকের মজুরিসহ সব উপাদানের দাম বহুগুণ বেড়েছে। অনেক কৃষক চড়া সুদে ঋণ নিয়ে কিংবা জমি ইজারা নিয়ে চাষাবাদ করেছেন। বর্তমান বাজারদরে ধান বিক্রি করলে শুধু লাভের মুখ দেখাই নয়, বরং উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাঁদের। কৃষকের এই আর্থিক হতাশা দীর্ঘস্থায়ী হলে তা আগামী বোরো বা পরবর্তী মৌসুমে উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। কিন্তু কেবল ফলন বৃদ্ধিই যথেচ্ছ নয়; বরং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা রাষ্ট্রের সর্বাগ্রে দায়িত্ব। ধান উৎপাদনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত কৃষকরা যদি তাঁদের পরিশ্রমের সঠিক মূল্য না পান, তবে কৃষিকাজ থেকে তাঁদের আগ্রহ কমে যাওয়ার শঙ্কা থাকে।

এমতাবস্থায়, কৃষকদের রক্ষায় সরকারের পক্ষ থেকে সরাসরি ধান ও চাল সংগ্রহের প্রক্রিয়া আরও গতিশীল ও স্বচ্ছ করা প্রয়োজন। প্রান্তিক ও প্রকৃত কৃষকদের তালিকা প্রস্তুত করে সরাসরি তাঁদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয় নিশ্চিত করতে হবে, যাতে মধ্যস্বত্বভোগীরা ফায়দা লুটতে না পারে। একই সঙ্গে সাতক্ষীরার জলাবদ্ধতা কবলিত ১ হাজার ৭০২ হেক্টর জমি দ্রুত চাষের উপযোগী করতে স্থায়ী নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে হবে। অন্নদাতাদের মুখে স্থায়ী হাসি ফোটাতে এবং দেশের খাদ্য নিরাপত্তা টেকসই রাখতে বাজার মনিটরিং জোরদার করার পাশাপাশি কৃষি ভর্তুকি ও প্রণোদনা আরও কার্যকর করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

 

 

 

আশাশুনিতে পৃথক অভিযানে তিন আসামি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
আশাশুনিতে পৃথক অভিযানে তিন আসামি গ্রেপ্তার

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পৃথক অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি বেউলা গ্রামের আমানুর হোসেনের ছেলে ইমন হোসেন, মুন্না শেখের ছেলে রিয়াদ হোসেন ওরফে আতিক এবং কুলতিয়া গ্রামের অজিত ঘোষের ছেলে ইন্দ্রজিৎ ঘোষকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের সাতক্ষীরার আদালতে পাঠানো হয়।

শার্শায় খাটের নিচে ৯৯ বোতল কফ সিরাপ, আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
শার্শায় খাটের নিচে ৯৯ বোতল কফ সিরাপ, আটক ১

 

বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফয়সাল আহমেদ ইমন (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর বাবা শাহাজান কবির পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শার্শা থানা পুলিশ। এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিমকোটা মাঝেরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইমনকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিমকোটা গ্রামের শাহজাহান সরদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ইমনকে আটক করে তাঁর বসতঘরের শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে ৭৯ বোতল উইনসেরেক্স ও ২০ বোতল ইস্কাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক ইমনকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক শাহাজান কবিরকে আটকের চেষ্টা চলছে।