আশাশুনির শ্রীউলায় ১২ কিলোমিটার কাঁচা রাস্তা, চরমে দুর্ভোগ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বাঁশতলা ব্রিজ-ঘোলা খেয়াঘাট-ওয়াপদা হয়ে কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার কাঁচা রাস্তা বছরের পর বছর সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে। বর্ষা মৌসুমে সড়কটি কর্দমাক্ত হয়ে চলের অযোগ্য হয়ে পড়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পাঁচ গ্রামের হাজার হাজার মানুষকে।
শ্রীউলা ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কের ওপর এলাকার কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও পথচারীদের দৈনন্দিন যাতায়াত নির্ভর করে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সামান্য বৃষ্টিতেই কাদা জমে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে জরুরি রোগীকে হাসপাতালে নেওয়া দুষ্কর হয়ে পড়ে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকা- স্থবির হয়ে পড়ে।
শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা লুৎফর রহমান ও ইউপি চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় জানান, রাস্তাটির পাশে ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি ফাজিল মাদ্রাসা, ৮টি মসজিদ, ৩টি খেয়াঘাট ও অর্ধশতাধিক মুরগির খামার রয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে পাকা করার জন্য তারা স্থানীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। কাঁচা রাস্তাটি পাকা হলে শ্রীউলা ইউনিয়নের দীর্ঘদিনের যোগাযোগসংকটের স্থায়ী সমাধান হবে বলে প্রত্যাশা এলাকাবাসীর।






