রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, ক্ষমতাচ্যুত হতে পারেন ট্রাম্প?

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, ক্ষমতাচ্যুত হতে পারেন ট্রাম্প?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। প্রতিনিধি পরিষদ ও সিনেট কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই চলে গেছে দলটির হাতে। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাকি দুই বছরের শাসনামলে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। প্রশাসনের বিরুদ্ধে তদন্ত, গুরুত্বপূর্ণ নিয়োগ আটকে দেওয়া এবং আইন প্রণয়নে বাধা দেওয়ার সুযোগ পাবেন ডেমোক্র্যাটরা। এমনকি ট্রাম্পকে অভিশংসনের উদ্যোগও নিতে পারবেন তারা। কিন্তু কংগ্রেসের নিয়ন্ত্রণ হাতে পেলেই কি প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া সম্ভব?

যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রেসিডেন্টকে মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা থেকে সরানোর সুযোগ রয়েছে। তবে এর জন্য নির্দিষ্ট সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ পাওয়া ডেমোক্র্যাটদের হাতে সেই প্রক্রিয়া শুরু করার ক্ষমতা থাকলেও ট্রাম্পকে চূড়ান্তভাবে সরাতে প্রয়োজন হবে আরও বড় সমর্থন।

অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার সুযোগ

ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর সবচেয়ে সরাসরি সাংবিধানিক পথ হলো অভিশংসন বা ইমপিচমেন্ট। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রদ্রোহ, ঘুষ গ্রহণ কিংবা গুরুতর অপরাধ ও অসদাচরণের অভিযোগে প্রেসিডেন্টকে অভিশংসন করা যায়।

এ প্রক্রিয়ার প্রথম ধাপটি সম্পন্ন হয় প্রতিনিধি পরিষদে। সেখানে সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব পাস করাতে হয়। এরপর বিষয়টি যায় সিনেটে। সেখানে চলে বিচারপ্রক্রিয়া। প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে দোষী সাব্যস্ত করতে উপস্থিত সিনেটরদের দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। এই ভোটে দোষী সাব্যস্ত হলেই প্রেসিডেন্ট পদ হারাবেন।

অর্থাৎ, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব পাস করানো তুলনামূলক সহজ হতে পারে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সিনেটে প্রয়োজন হবে দুই-তৃতীয়াংশ ভোট।

এখানেই বড় বাধা। এবারের নির্বাচনে সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা দাঁড়িয়েছে ৫৪-তে। এর মধ্যে দলটির সঙ্গে থাকা স্বতন্ত্র সিনেটররাও রয়েছেন। ১০০ সদস্যের সিনেটে দুই-তৃতীয়াংশ সমর্থন পেতে প্রয়োজন ৬৭টি ভোট। অর্থাৎ, সব সদস্য ভোট দিলে ডেমোক্র্যাটদের অন্তত ১৩ জন রিপাবলিকান সিনেটরের সমর্থন প্রয়োজন হবে। ফলে শুধু নিজেদের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ট্রাম্পকে সরানো সম্ভব নয়।

আগেও দুবার অভিশংসিত হয়েছিলেন ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া অবশ্য নতুন নয়। তার প্রথম মেয়াদে দুবার প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন তিনি।

২০১৯ সালে ইউক্রেনের প্রেসিডেন্টের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগের অভিযোগে প্রথমবার অভিশংসিত হন ট্রাম্প। ২০২১ সালে ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় তার ভূমিকার অভিযোগে দ্বিতীয়বার অভিশংসিত করা হয় তাকে। তবে দুবারই সিনেটে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় অভিযোগ থেকে মুক্তি পান তিনি। ফলে ক্ষমতায় থাকতে পেরেছিলেন ট্রাম্প।

এবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা অভিশংসনের প্রস্তাব পাস করাতে পারলেও সিনেটে রিপাবলিকানদের সমর্থন ছাড়া তাকে ক্ষমতা থেকে সরানো কঠিন হবে।

২৫তম সংশোধনী কি কাজে লাগানো যাবে?

অভিশংসন ছাড়াও যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনীতে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে অক্ষমতার বিষয়টি মোকাবিলার সুযোগ রয়েছে। এই সংশোধনীর চতুর্থ ধারায় বলা হয়েছে, প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য তাকে দায়িত্ব পালনে অক্ষম ঘোষণা করতে পারেন। সে ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন।

তবে প্রেসিডেন্ট এই সিদ্ধান্তের বিরোধিতা করতে পারেন। তখন বিষয়টি কংগ্রেসে যাবে। প্রেসিডেন্টকে দায়িত্ব পালনে অক্ষম রাখার সিদ্ধান্ত বহাল রাখতে প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন হবে।

কিন্তু এই বিধান মূলত প্রেসিডেন্টের শারীরিক বা মানসিক অক্ষমতা কিংবা দায়িত্ব পালনে প্রকৃত অক্ষমতার পরিস্থিতি মোকাবিলার জন্য। রাজনৈতিক মতবিরোধ বা নীতিগত সিদ্ধান্তের কারণে এটি প্রয়োগের সুযোগ নেই। তা ছাড়া ট্রাম্পকে সরানোর ক্ষেত্রে তার ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সমর্থন পাওয়া ডেমোক্র্যাটদের জন্য সহজ হবে না।

তদন্ত ও প্রশাসনের ওপর চাপ বাড়বে

ট্রাম্পকে সরাতে না পারলেও কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় তার প্রশাসনের ওপর চাপ বাড়বে। বিভিন্ন সরকারি সিদ্ধান্ত, নীতিনির্ধারণ এবং প্রশাসনের কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়ে তদন্ত করতে পারবে কংগ্রেসের কমিটিগুলো। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের তলব, নথিপত্র চাওয়া এবং শুনানির আয়োজন করা যাবে।

এ ছাড়া মন্ত্রিসভার সদস্য, রাষ্ট্রদূত ও ফেডারেল বিচারক নিয়োগের ক্ষেত্রে সিনেটের অনুমোদন প্রয়োজন হয়। ফলে এসব নিয়োগ আটকে দিয়ে ট্রাম্পের প্রশাসনিক কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারবেন ডেমোক্র্যাটরা। তবে আইন পাসের ক্ষেত্রে দুই কক্ষের সমর্থন পেলেও ট্রাম্প তাতে ভেটো দিতে পারবেন। তার ভেটো অকার্যকর করতে আবার দুই কক্ষের দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন হবে।

উল্লেখ্য, মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেও ডেমোক্র্যাটরা এখনই কংগ্রেসের নিয়ন্ত্রণ পাচ্ছেন না। নতুন কংগ্রেসের সদস্যরা আগামী ৩ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন। এরপরই আনুষ্ঠানিকভাবে দুই কক্ষের নিয়ন্ত্রণ তাদের হাতে যাবে।

শেষ পর্যন্ত কী হতে পারে?

বিশ্লেষকদের বিবেচনায়, এবারের নির্বাচনের ফল ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক ধাক্কা। তবে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানো আর প্রেসিডেন্ট পদ হারানো এক বিষয় নয়। ডেমোক্র্যাটরা চাইলে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারবেন, অভিশংসনের উদ্যোগ নিতে পারবেন এবং তার প্রশাসনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আটকে দিতে পারবেন। কিন্তু ক্ষমতাচ্যুত করতে হলে সিনেটে দুই-তৃতীয়াংশ সমর্থন আদায় করতে হবে।

অন্যদিকে, ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শেষ হবে ২০২৯ সালের ২০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, তিনি তৃতীয় মেয়াদে নির্বাচিত হতে পারবেন না। ফলে অভিশংসনে অপসারিত না হলে কিংবা নিজে পদত্যাগ না করলে মেয়াদের বাকি সময় তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

সব মিলিয়ে, ডেমোক্র্যাটদের হাতে এখন ট্রাম্পের ক্ষমতা নিয়ন্ত্রণ ও প্রশাসনকে জবাবদিহির মুখে ফেলার বড় সুযোগ তৈরি হয়েছে। কিন্তু তাকে হোয়াইট হাউস থেকে সরানোর মতো পর্যাপ্ত রাজনৈতিক সমর্থন এখনও তাদের হাতে নেই।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা, যুক্তরাষ্ট্রের সিনেট, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী

Ads small one

যুক্তরাষ্ট্রে এবার ৯৭ মুসলিম প্রার্থী জয়ী, নেপথ্যে কী?

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে এবার ৯৭ মুসলিম প্রার্থী জয়ী, নেপথ্যে কী?

ইসলামোফোবিয়া ও ইসলামবিরোধী প্রচারণার রেকর্ড বৃদ্ধির মধ্যেও যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন স্তরে রেকর্ড সংখ্যক মুসলিম আমেরিকান জয়ী হয়েছেন। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের (কেয়ার) তথ্য অনুযায়ী, ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায় মিলিয়ে অন্তত ৯৭ জন মুসলিম আমেরিকান প্রার্থী বিজয়ী হয়েছেন।

চলতি নির্বাচনে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান দুই দল মিলিয়ে মোট ১৬৮ জন মুসলিম আমেরিকান প্রার্থী প্রাথমিক পর্ব (প্রাইমারি) পার হয়ে চূড়ান্ত লড়াইয়ে অংশ নেন। এখনও ডাকযোগে আসা ভোট গণনা চলায় আরও এক ডজনের বেশি প্রার্থীর জয়ের সম্ভাবনা রয়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সাম্প্রতিক ঐতিহাসিক বিজয় এবং তরুণ প্রজন্মের রাজনৈতিক সক্রিয়তা এই রেকর্ড জয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।

আমেরিকান আইনসভার উচ্চকক্ষ সিনেটে প্রথমবার কোনও মুসলিম প্রতিনিধি হিসেবে ছয় বছরের মেয়াদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন আবদুল এল-সাইয়েদ। এ ছাড়া প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেনটেটিভস) বিজয়ী হয়েছেন ছয়জন মুসলিম আমেরিকান। তারা হলেন, পুনর্নির্বাচিত ইলহান ওমর, রশিদা তাইব, আন্দ্রে কারসন ও লাতিফাহ সাইমন এবং নতুন বিজয়ী অ্যাডাম হামাভি ও দারিয়ালিজা অ্যাভিলা শেভালিয়ার। কেয়ারের তথ্যমতে, এই ৭ জন ছাড়া রাজ্য আইনসভা ও অ্যাটর্নি জেনারেলসহ ৩৯টি রাজ্যপর্যায়ের পদে, স্থানীয় কাউন্টি ও পৌরসভায় ১৬টি পদে, শিক্ষা ও স্কুল বোর্ডে ২৭টি পদে এবং বিচারক হিসেবে ৮ জন মুসলিম বিজয়ী হয়েছেন।

ইসলামিক পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিল (এমপ্যাক) এবং অন্যান্য সংস্থার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ৫৫ লাখ মুসলিম বাস করেন, যা দেশটির মোট জনসংখ্যার মাত্র ১ শতাংশ। ডোনাল্ড ট্রাম্পের আমলে ও রিপাবলিকান পার্টিতে ইসলামবিরোধী বক্তব্য ও অপপ্রচার এক প্রজন্মের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে থাকা সত্ত্বেও এবার ভোটারদের উপস্থিতি ছিল অভূতপূর্ব। বিগত এক বছরে মুসলিমদের ভোটার নিবন্ধনের হার অন্তত ২৫ শতাংশ বেড়েছে এবং জরিপ অনুযায়ী ৯৩ শতাংশ মুসলিম ভোটকেন্দ্রে গিয়েছেন। এদের মধ্যে ৮০ শতাংশ ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন।

তবে বিশ্লেষকরা বলছেন, মুসলিম আমেরিকানরা কেবল দল দেখে নয়, বরং নীতির ভিত্তিতে ভোট দেন। অলাভজনক সংস্থা জর্জিয়া মুসলিম ভোটার প্রজেক্ট-এর যোগাযোগ পরিচালক উরুজ আলী জানান, মুসলিম ভোটাররা দলের চেয়ে নীতির ওপর ভিত্তি করে ভোট দেওয়ার প্রবণতা দেখান। অনেকেই নিজেদের দলীয় পরিচয়ের চেয়ে স্বতন্ত্র ভাবতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

গাজায় ইসরায়েলের হামলা ও ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষা এই নির্বাচনে মুসলিম ভোটারদের বড় চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। কেয়ারের জরিপে ৭০ শতাংশ মুসলিম জানান, ইসলামফোবিয়ার প্রতিবাদ হিসেবেই তারা ভোট দিতে অনুপ্রাণিত হয়েছেন এবং ৮০ শতাংশের মতে গাজা পরিস্থিতি তাদের সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে।

নতুন বিজয়ী মুসলিম নেতৃত্বের ধরণ নিয়ে মুসলিম পাবলিক সার্ভিস-এর প্রধান আহমেদ মাতি বলেন, আমাদের সম্প্রদায়ের সদস্যরা এখন জাতীয় ও স্থানীয় নীতি নির্ধারণে বড় ভূমিকা রাখছেন। এই জয় বছরের পর বছর ধরে চলা সামাজিক প্রচেষ্টা ও পরিশ্রমের ফসল।

অন্যদিকে, ডেমোক্র্যাটিক আবদুল এল-সাইয়েদের মতো প্রার্থীরা নিজেদের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধকে এড়িয়ে না গিয়ে গর্বের সঙ্গে তুলে ধরেই ভোটারদের আস্থা অর্জন করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকান রাজনীতিতে এই জয় কেবল মুসলিম সম্প্রদায়ের নয়, বরং বহুমাত্রিক আমেরিকান বৈচিত্র্যের এক বড় অগ্রগতি।

সূত্র: মিডল ইস্ট আই

রাজধানীতে এবার স্কুল বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
রাজধানীতে এবার স্কুল বাসে আগুন

রাজধানীর ভাটারার ১০০ ফিট এলাকায় একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে জলসিড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ভাটারা থানার কর্তব্যরত অফিসার দেবাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। কারা, কীভাবে আগুন দিল এখনও সেটি জানা যায়নি। তদন্ত শেষে বলা যাবে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই রাজধানীতে বিভিন্ন বাসে আগুন, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। গতকাল শনিবারও রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিশেষ করে কয়েক দিনে রাজধানীতে অন্তত আটটি বাসে আগুন ও গুরুত্বপূর্ণ স্থানে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।

বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনাগুলো জনমনে আতঙ্ক তৈরি এবং নাশকতার উদ্দেশ্যে করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (৮ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

মিরপুরে প্রাইভেট কারের ওপর ককটেল বিস্ফোরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:০১ পূর্বাহ্ণ
মিরপুরে প্রাইভেট কারের ওপর ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুর-১ এর সনি হলের সামনে একটি প্রাইভেট কারের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, সনি হলের সামনে একটি প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

তিনি বলেন, মোটরসাইকেলে করে আসা লোক এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।