সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

কদম ফুল গাছেই থাকুক: ক্ষণিকের শখ বনাম প্রকৃতির হাহাকার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
কদম ফুল গাছেই থাকুক: ক্ষণিকের শখ বনাম প্রকৃতির হাহাকার

‎তারিক ইসলাম

‎টুপটাপ বৃষ্টি আর কদম ফুলের সুবাস-বাঙালির বর্ষা উদযাপনের সমার্থক। আষাঢ়ের আগমনে গাছের ডালে ডালে যখন কদম ফুল ডানা মেলে, তখন মানুষের মন নেচে ওঠে ঠিকই, কিন্তু একই সাথে শুরু হয় এক নির্মম উৎসব। ফুলটি দেখার সাথে সাথেই তা ছিঁড়ে নেওয়ার এক অদ্ভুত ও অন্ধ প্রতিযোগিতা দেখা যায় আমাদের মধ্যে। মানুষের এই কয়েক ঘণ্টার সৌখিনতা যে প্রকৃতির পাখপাখালি আর জীববৈচিত্র্যকে এক দীর্ঘমেয়াদী সংকটের মুখে ঠেলে দিচ্ছে, সেই হিসাব আমরা ক’জনই বা রাখি?

‎উদ্ভিদ ও প্রাণিবিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। কদম গাছ কেবল প্রকৃতির শোভা বর্ধন করে না, এটি আসলে বনের পশুপাখিদের একটি বড় প্রাকৃতিক খাদ্যভান্ডার। বর্ষার এই মরসুমে কদম ফুল ও ফলকে কেন্দ্র করে আবর্তিত হয় একটি বিশাল খাদ্যচক্র। কদম ফুলের ভেতরের সুমিষ্ট মধু পানের জন্য ছুটে আসে ঝাঁকে ঝাঁকে মৌমাছি, প্রজাপতি আর হরেক রকমের ছোট পাখি। ফুল ফুটন্ত পর্ব পার হলে এটি পরিণত হয় রসালো ও মাংসল ফলে। বর্ষার স্যাঁতসেঁতে, বৈরী আবহাওয়ায় যখন পাখিদের জন্য অন্য খাবার সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে, তখন এই ফলই হয়ে ওঠে তাদের প্রধান ভরসা। টিয়া, শালিক, বুলবুলি, ঘুঘু থেকে শুরু করে চঞ্চল কাঠবিড়ালির মতো প্রাণীদের ভিটামিন, খনিজ ও পুষ্টির সবচেয়ে বড় জোগানদার এই কদম ফল।

‎“আমরা অবহেলায় যে ফুলটি ছিঁড়ে ফেলছি, তা আসলে একটি পাখির পুরো মৌসুমের বেঁচে থাকার রসদ।”
‎আজকাল পথে-ঘাটে, রিকশায় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবির ফ্রেমে কদম ফুল ধরে রাখা একটি ফ্যাশনে পরিণত হয়েছে। আমাদের এই খামখেয়ালিপনা বন্যপ্রাণীদের জন্য তৈরি করছে অস্তিত্বের সংকট। আমরা কি একবারও ভেবে দেখেছি, যে ফুলটি মানুষের হাতে আসার পর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শুকিয়ে আবর্জনার স্তূপে জমা হয়, সেটি গাছে থাকলে কত পাখির ক্ষুধা মেটাত?

‎পরিবেশবিদদের মতে, নির্বিচারে ফুল পেড়ে ফেলার কারণে ফুলগুলো আর ফলে রূপান্তরিত হওয়ার সুযোগ পাচ্ছে না। ফলে বনের পাখিরা পড়ছে চরম খাদ্য সংকটে। আর এই তীব্র খাদ্যভাবের কারণেই আজ আমাদের চেনা লোকালয় থেকে চিরতরে হারিয়ে যাচ্ছে অসংখ্য প্রজাতির পাখি।

‎প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে এবং বন্যপ্রাণী সংরক্ষণে এখনই আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। শুধু আইনি নিষেধাজ্ঞা দিয়ে প্রকৃতির এই ক্ষতি রোখা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন তীব্র সামাজিক জাগরণ।
‎ফুল না ছেঁড়ার অঙ্গীকার: ‘কদম ফুল গাছেই সুন্দর, তা পাখিদের খাবার’-এই বার্তাটি প্রতিটি মানুষের কাছে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।

‎সামাজিক প্রতিরোধ: পার্ক বা রাস্তার ধারের কদম গাছ থেকে ফুল ছেঁড়া বন্ধে স্থানীয়ভাবে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

‎প্রকৃতির প্রতিটি উপাদানের একটি নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। কদম ফুল মানুষের ঘরের ফুলদানিতে শুকিয়ে মরার জন্য নয়, বরং গাছের ডালে থেকে বনের পাখিদের জীবন বাঁচানোর জন্য সৃষ্টি হয়েছে। আসুন, প্রকৃতির প্রতি একটু সংবেদনশীল হই; আমাদের খামখেয়ালিপনা বন্ধ করে কদম ফুলকে গাছেই থাকতে দেই, অক্ষুণ্ন রাখি আমাদের চারপাশের জীববৈচিত্র্য।

‎লেখক: সভাপতি, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।

Ads small one

শুরু থেকে থাকছেন না ইয়ামাল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
শুরু থেকে থাকছেন না ইয়ামাল

স্পেনের নতুন তারকা লামিনে ইয়ামাল— যাকে পরবর্তী বড় তারকা হিসেবে ভাবা হচ্ছে। এরই মধ্যে নিজের পারফরম্যান্সও দেখাতে শুরু করেছেন তিনি। যদিও আজ (সোমবার) বিশ্বকাপে শুরু থেকে ইয়ামালের অভিষেক হচ্ছে না। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠলেও এই ম্যাচে শুরুর একাদশে থাকছেন না তারকা ফরোয়ার্ড লামিন ইয়ামাল। বিষয়টি আগেই নিশ্চিত করেছেন তাদের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

গত ২২ এপ্রিল বার্সেলোনার হয়ে খেলার সময় চোট পান এই ইয়ামাল। এরপর থেকেই ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চালাচ্ছিলেন এই স্প্যানিশ উইঙ্গার। চোটের কারণে গত সপ্তাহে মেক্সিকোর বিপক্ষে স্পেনের শেষ প্রস্তুতি ম্যাচেও মাঠে নামতে পারেননি ইয়ামাল।

আজ শুরুর একাদশে ইয়ামাল না থাকলেও ম্যাচে নামানো হবে বলে জানিয়েছেন স্পেনের কোচ। রবিবার (১৪ জুন) আটলান্টায় এক সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, ‘সবচেয়ে ভালো খবর হলো লামিন এখন ভালো অবস্থায় আছে। আমরা তাকে ঠিক যেভাবে দেখতে চেয়েছিলাম, সেভাবেই ফিরে পেয়েছি। তবে সে পুরো ৯০ মিনিট খেলার মতো অবস্থায় না থাকলেও, ম্যাচের কিছু অংশে অবশ্যই খেলতে পারবে। ডাক্তাররাও সবুজ সংকেত দিয়েছেন।’

২০২৫-২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ৪৫ ম্যাচ খেলে ২৪ গোল ও ১৭ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। স্পেনের জার্সিতে ২৫ ম্যাচে ৬ গোল করেছেন এই তারকা।

হাম ও উপসর্গে ঝরলো আরও ৪ প্রাণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
হাম ও উপসর্গে ঝরলো আরও ৪ প্রাণ

দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে তিন জন উপসর্গ নিয়ে আর একজন হামের আক্রান্ত হয়ে মারা যায়। এ সময়ে নতুন করে ১ হাজার ৩৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মোট চার জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৬৫৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯৭২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত মোট ৮৬ হাজার ৯২৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১০ হাজার ৩৮৭ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭১ হাজার ৪৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৭ হাজার ৮৭৮ জন।

 

কলারোয়ায় স্কাউটস এর নির্বাহী কমিটির সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
কলারোয়ায় স্কাউটস এর নির্বাহী কমিটির সভা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় স্কুল পর্যায়ে স্কাউটস কর্মকা-ে গতিশীলতা ফেরাতে নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা শাখার আয়োজনে নির্বাহী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস এর উপজেলা সভাপতি আরিফুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ও স্কাউটস এর কর্মকর্তা মাসুদুর রহমান, সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাস, স্কাউটস এর উপজেলা কর্মকর্তা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক হায়দার আলী, প্রধান শিক্ষক শেখ নুরুল্লাহ, প্রধান শিক্ষক আব্দুল মোতালেব, সহকারী শিক্ষক মাওলানা আলমগীর হোসেন, সহকারী শিক্ষক আনারুল ইসলাম, সহকারী শিক্ষক আরিফুজ্জামান কাকন, সহকারী শিক্ষক স্বপন কুমার চৌধুরী, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক কামরুল ইসলাম, সহকারী শিক্ষক আরশাদ আলী, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক সহকারী শিক্ষক মর্জিনা খাতুন প্রমুখ।

 

সভায় কলারোয়ার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দলকে সুসংগঠিত ও অধিকতর কার্যকরী করার লক্ষ্যে নানামুখী পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়।

 

এছাড়া দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একাধিক প্রশিক্ষণ ও ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার মনিরুজ্জামান।