কয়রায় তারেক রহমানকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল
কয়রা (খুলনা) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘কুরুচিপূর্ণ ও ব্যঙ্গাত্মক’ বক্তব্যের প্রতিবাদে খুলনার কয়রায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে উপজেলা যুবদল। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে কয়রা হাইস্কুল মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক জিএস সালাউদ্দিন আম্মারের দেওয়া একটি বক্তব্যের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানকে নিয়ে যে ধরনের ধৃষ্টতামূলক বক্তব্য দেওয়া হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধের দাবি জানান তাঁরা।
কয়রা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মুহতাসিন বিল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইছানুর রহমান, মো. দেলোয়ার গাজী ও মো. ইউনুস আলী।
এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ডি এম হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. ওবায়দুল্লাহ ও মো. নজরুল ইসলাম। ছাত্রদলের পক্ষ থেকে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফ বিল্লাহ, ছাত্রনেতা মেহেদী হাসান সবুজ ও ইমরান হোসেন।









