শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজে ফিরছেন শ্রমিকরা: কোথাও উৎপাদন বন্ধ, কোথাও ‘কাজ নেই-মজুরি নেই’

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ
কাজে ফিরছেন শ্রমিকরা: কোথাও উৎপাদন বন্ধ, কোথাও ‘কাজ নেই-মজুরি নেই’

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ কিছুটা কমলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি শিল্পাঞ্চলের পরিস্থিতি। কয়েক দিনের টানা বিক্ষোভ, সংঘর্ষ ও কারখানা বন্ধের পর গাজীপুরের অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে ফিরেছেন। তবে সাভার ও আশুলিয়ায় এখনো কর্মবিরতি, কারখানায় সাধারণ ছুটি এবং বিক্ষোভের ঘটনা ঘটছে। কোথাও উৎপাদন শুরু হলেও কোথাও আবার শ্রমিকদের উপস্থিতির পরও কাজ বন্ধ রাখতে হচ্ছে। এতে শ্রমিকদের আয় যেমন অনিশ্চিত হয়ে পড়েছে, তেমনি রফতানি আদেশ সময় মতো সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়ছে।

শনিবার (২১ নভেম্বর) গাজীপুরের প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চালু ছিল। অন্যদিকে শ্রমিকদের কর্মবিরতির মুখে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। দিনের শুরুতে অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও কয়েকটি এলাকায় বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

শ্রমিকদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে উদ্যোক্তারা বলছেন, উৎপাদন বন্ধ ও ক্রয়াদেশ সরবরাহে বিলম্ব হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

১৯৮টি কারখানা বন্ধ, ছুটি ৮৮টিতে

শিল্পাঞ্চলের সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, ২০ নভেম্বর পর্যন্ত শ্রমিক অসন্তোষের কারণে ১৯৮টি পোশাক কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ রাখা হয়। এ ছাড়া ৮৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এই ধারা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে বেআইনি ধর্মঘটের কারণে কাজ বন্ধ হলে মালিকপক্ষ প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করতে পারে। এ ক্ষেত্রে বন্ধের সময়ের জন্য শ্রমিকরা সাধারণত মজুরি পান না। ফলে আন্দোলনের কারণে কারখানা বন্ধ থাকায় একদিকে উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে দৈনিক ও মাসিক আয়ের ওপর নির্ভরশীল শ্রমিকদের সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।

তবে শনিবার গাজীপুরে পরিস্থিতির উন্নতি হয়েছে। শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, মহানগর ও জেলার কোথাও নতুন করে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন কিংবা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা চালু ছিল এবং শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

এ প্রসঙ্গে বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘‘শুক্রবার সাধারণত পোশাক কারখানা বন্ধ থাকে। তবে শনিবার শিল্পাঞ্চলের পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো মনে হয়েছে। এদিন অধিকাংশ শ্রমিক কাজে ফিরছেন বলে আমরা আশা করছি। রবিবার (২২ নভেম্বর) থেকে শ্রমিকরা যদি স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেন, তাহলে পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে বিবেচনা করা যাবে।’’

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন বলেন, ‘‘আগামী ১ ডিসেম্বর থেকে মজুরি বাড়তে পারে— এমন প্রত্যাশা থেকে শ্রমিকদের একটি বড় অংশ কাজে ফিরেছেন। শ্রমিকরা মনে করছেন, মজুরি বোর্ডের মাধ্যমে বেতন বৃদ্ধির বিষয়টি নিশ্চিত হবে। তবে মালিকপক্ষ এখনো মজুরি বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত প্রস্তাব দেয়নি।’’

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার বলেন, ‘‘গত দুই দিন শুক্র ও শনিবার শিল্পাঞ্চলের পরিস্থিতি আগের তুলনায় কিছুটা উন্নত হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আশা করা যাচ্ছে, শ্রমিকরা কাজে ফিরবেন এবং কর্মপরিবেশ স্বাভাবিক হবে। তবে ২৩ নভেম্বর পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকার কথা বলা হলেও এরপর কী হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।’’

বিজিএমইএ’র সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বলেন, ‘‘আগের তুলনায় শ্রমিক অসন্তোষ কমেছে। ২৩ নভেম্বর মজুরি বোর্ডের সভা রয়েছে। আশা করা হচ্ছে, ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো অনুযায়ী শ্রমিকরা বেতন পাবেন।’’

তিনি বলেন, ‘‘শুক্র ও শনিবার কারখানা বন্ধের সংখ্যা আগের তুলনায় কমেছে। উৎপাদনও ধীরে ধীরে বাড়ছে। শ্রমিকরা বুঝতে পারছেন, কাজের মাধ্যমেই তাঁদের পরিবারের জীবিকা ও ভবিষ্যৎ সুরক্ষিত হবে। আশা করছি, রবিবার থেকে অধিকাংশ কারখানা খুলবে এবং উৎপাদন স্বাভাবিক ধারায় ফিরবে।’’

আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি, কাঠগড়ায় সংঘর্ষ

গাজীপুরে পরিস্থিতির উন্নতি হলেও সাভার ও আশুলিয়ায় অস্থিরতা পুরোপুরি কাটেনি। শনিবার সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানায় উৎপাদন শুরুর পর কর্মবিরতি পালন করেন তাঁরা।

আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হামীম গ্রুপের একটি কারখানায় সকাল ৮টার পরিবর্তে ৭টায় কাজ শুরু করার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। শ্রমিকরা কার্ড পাঞ্চ করে কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ না দিয়ে নিচতলায় অবস্থান নেন। পরে কর্তৃপক্ষ কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করে। রবিবার থেকে সকাল ৮টায় কাজ শুরু হবে বলে শ্রমিকদের জানানো হয়েছে।

আশপাশের আরও কয়েকটি কারখানায় একই ধরনের কর্মবিরতি দেখা দেয়। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, কয়েকটি কারখানায় সকাল ৭টায় কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শ্রমিকরা এতে আপত্তি জানিয়ে কাজে অংশ না নেওয়ায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শনিবার সকালে শ্রম আইনের ১৩(১) ধারায় ১১টি কারখানা বন্ধ ছিল। নোটিশের মাধ্যমে আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকদের কর্মবিরতির মুখে আরও কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয়। সকাল ১১টার দিকে ছুটি ঘোষণা করা কারখানার সংখ্যা ৫০টিতে পৌঁছায়।

এদিকে সকাল ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েকটি কারখানায় কর্মবিরতি ও ছুটি ঘোষণার পর শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে জিরাবো-বিশ মাইল সড়কে অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘‘কিছু শ্রমিক চালু কারখানাগুলোর পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে। বর্তমানে কাঠগড়া এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।’’

পোশাকশিল্পে ক্ষতি চার হাজার কোটি টাকা

শ্রমিক অসন্তোষের আর্থিক প্রভাবও বাড়ছে। বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) তথ্য অনুযায়ী, চলমান অস্থিরতায় তৈরি পোশাকশিল্পে তিন থেকে চার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

সংগঠনটির সভাপতি মো. আবদুল হামিদ বলেন, ‘‘পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। এর প্রভাব শুধু পোশাকশিল্পে সীমাবদ্ধ থাকবে না— পরিবহন, ব্যাংকিং ও লজিস্টিকসসহ সংশ্লিষ্ট অন্যান্য খাতেও পড়বে।’’

তিনি মনে করেন, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির কারণে শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি যৌক্তিক। এ বিষয়ে নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান প্রয়োজন।

উদ্যোক্তাদের আশঙ্কা, উৎপাদন ব্যাহত হওয়ায় বিদেশি ক্রেতাদের নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করা কঠিন হয়ে পড়ছে। দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকলে ক্রেতারা বিকল্প দেশ থেকে পণ্য সংগ্রহের সিদ্ধান্ত নিতে পারেন। এতে ভবিষ্যৎ রফতানি আদেশ হারানোর ঝুঁকি তৈরি হবে।

ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি

শ্রমিকরা কাজে ফিরতে চাইলে কারখানা বন্ধ রেখে তাঁদের মজুরি থেকে বঞ্চিত করা উচিত নয় বলে দাবি করেছে ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।

সংগঠনটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন বলেন, ‘‘যেসব কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে চান, সেসব কারখানা বন্ধ করে তাঁদের আয় বন্ধ করা ঠিক নয়। এতে হাজার হাজার শ্রমিক আর্থিক সংকটে পড়বেন।’’

আইবিসি পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে। পাশাপাশি গ্রেফতার শ্রমিক ও শ্রমিক নেতাদের মুক্তি, পুলিশি হয়রানি বন্ধ এবং শ্রমিক তৌফিক শেখ ও মো. সেলিম হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

এর আগে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার থেকে ২৪ হাজার টাকার মধ্যে নির্ধারণের সুপারিশ করেছিল। যদিও আইবিসিও সিপিডির প্রস্তাব প্রত্যাখ্যান করে ৩২ হাজার টাকার দাবিতে অনড় রয়েছে। এদিকে সিপিডির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিজিএমইএ। সিপিডির প্রস্তাবের ছয়টি বিষয়ে আপত্তি করে পরিবারের সদস্য সংখ্যা, উপার্জনক্ষম ব্যক্তি, দারিদ্র্যসীমা ও আবাসন ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি মজুরি বাড়ানোর ক্ষেত্রে শিল্পের উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বিবেচনার দাবি জানিয়েছে সংগঠনটি। বিজিএমইএ’র দাবি, গত তিন বছরে উৎপাদন ব্যয় ২৫ থেকে ৩০ শতাংশ বেড়েছে। একই সময়ে রফতানি পণ্যের দাম কমেছে ২ দশমিক ৬ শতাংশ। ব্যাংক ঋণের সুদের হার বেড়ে ১২ থেকে ১৬ শতাংশে পৌঁছেছে। রফতানি প্রণোদনাও কমেছে প্রায় ৭০ শতাংশ। এসব চাপের মধ্যে গত তিন বছরে ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। আরও অনেক কারখানা আর্থিক ঝুঁকিতে রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে পাঠানো এক চিঠিতে এসব পর্যবেক্ষণ তুলে ধরেন বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান।

আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আইএলওর’

পোশাকশিল্পে সহিংসতা, ভাঙচুর ও উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। সংস্থাটির বাংলাদেশ কার্যালয় এক বিবৃতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে উত্তেজনা প্রশমনে আলোচনা ও শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

আইএলওর’ মতে, নিম্নতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিক ও তাঁদের পরিবারের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং ক্রয়ক্ষমতা বিবেচনায় নিতে হবে। পাশাপাশি উৎপাদনশীলতা, কর্মসংস্থান, শিল্পের সক্ষমতা ও প্রতিষ্ঠানের টেকসই অবস্থাও গুরুত্ব দিতে হবে। মজুরি নির্ধারণের প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্তভিত্তিক।

Ads small one

টুপি গিলে প্রাণ হারালেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় জলহস্তী ফিওনা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ণ
টুপি গিলে প্রাণ হারালেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় জলহস্তী ফিওনা

অকালে জন্ম নিয়ে আন্তর্জাতিক আলোচনায় আসা জলহস্তী ফিওনা টুপি গিলে মারা গেছে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি চিড়িয়াখানা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

সিনসিনাটি চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন ইনস্টাগ্রাম পোস্টে জানায়, গত সপ্তাহে দুর্ঘটনাবশত ফিওনার বাসস্থানে একটি টুপি ঢুকে পড়ে। সেটি গিলে ফেলার পর সে মেডিক্যাল জরুরি অবস্থায় পড়ে। চিড়িয়াখানার পশুচিকিৎসক ও প্রাণী পরিচর্যা দল তাকে বাঁচাতে একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়।

চিড়িয়াখানা জানায়, শরীর থেকে টুপিটি বের করার একাধিক চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত এটি কাটিয়ে ওঠা তার পক্ষে সম্ভব হয়নি। বৃহস্পতিবার সহায়ক চিকিৎসাও ব্যর্থ হয় বলে জানায় তারা।

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলোঅগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো
চিড়িয়াখানার পরিচালক ডেভ জেনিক বলেন, অপ্রত্যাশিত এ ক্ষতিতে কর্মীরা বিধ্বস্ত। তিনি বলেন, আমরা এখন হতবাক। এমন পরিণতি আমরা আশা করিনি। সে লড়াই করেছে, যতক্ষণ পারেনি। চিড়িয়াখানার ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তিনি প্রাণী পরিচর্যা দলের চেষ্টাকে বীরোচিত বলে প্রশংসা করেন এবং জানান, ফিওনাকে বাঁচাতে কর্মীরা সম্ভাব্য সবকিছু করেছেন।

জেনিক আরও বলেন, চিড়িয়াখানার পরিবার ও বিশ্বজুড়ে অসংখ্য মানুষের কাছে সে অত্যন্ত প্রিয় ছিল। তার চলে যাওয়ার শূন্যতা অনেকেই গভীরভাবে অনুভব করবেন। ২০১৭ সালের জানুয়ারিতে ছয় সপ্তাহ আগেই জন্ম নিয়ে ফিওনা বিশ্বজুড়ে মনোযোগ কাড়ে। আগামী জানুয়ারিতে তার ১০ বছর পূর্ণ হতো।

সিনসিনাটি চিড়িয়াখানার বোর্ডের নির্বাহী চেয়ার থেইন মেনার্ড ফিওনাকে অসাধারণ প্রাণী বলে বর্ণনা করেন, যার প্রভাব টিকে থাকবে। তিনি বলেন, জন্মের দিন থেকেই সে ছিল বোতলে বন্দী বজ্রের মতো। চিড়িয়াখানা জানায়, ফিওনার মৃত্যু তার পরিচর্যাকারী ও বিশ্বজুড়ে অনুরাগীদের গভীরভাবে নাড়া দেবে। শোকের এ সময়ে তার প্রাণী পরিচর্যা দলকে নিজেদের মতো থাকতে দিতে জনসাধারণকে অনুরোধও করেছে তারা।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাড়িতে তৈরি নুডলস খেয়ে ৭ বছরের শিশুর মৃত্যু, অসুস্থ বোনও

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
বাড়িতে তৈরি নুডলস খেয়ে ৭ বছরের শিশুর মৃত্যু, অসুস্থ বোনও

ভারতের রাজস্থানের জয়পুরে বাড়িতে তৈরি নুডলস খেয়ে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বড় বোনও অসুস্থ হয়ে পড়েছিল। প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) এ ঘটনা ঘটে। ওই দিন দুই বোন পিহু কুমাবত ও দিব্যাংশী বাড়িতে একা ছিল। এ সময় তারা নিজেরাই নুডলস রান্না করে খায়। পরে খাবার খেয়ে দুই বোন ঘুমিয়ে পড়ে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিকেল ৩টার দিকে তাদের মা বাড়িতে ফিরে আসেন। তখন বড় বোন দিব্যাংশী অসুস্থ অবস্থায় ঘুম থেকে উঠলেও ছোট বোন পিহুকে অচেতন অবস্থায় দেখতে পান।

পরে পরিবারের সদস্যরা দ্রুত দুই বোনকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা পিহুকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, চিকিৎসা শেষে শুক্রবার (২০ নভেম্বর) সকালে হাসপাতাল থেকে বাড়ি ফেরে দিব্যাংশী।

এ ঘটনায় নিহত শিশুর পরিবার পুলিশের কাছে অভিযোগ করেছে। এর পরিপ্রেক্ষিতে করধানি থানার পুলিশ নুডলসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠিয়েছে।

প্রাথমিক তদন্তে খাবারে বিষক্রিয়ার বিষয়টি সামনে এলেও পরীক্ষার ফল ও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।

এদিকে, নিহত শিশুর ভাই গোবিন্দও অসুস্থ। গত দুই মাস ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মায়ের চরিত্রে শ্রাবন্তী: ডিসেম্বরে বড়পর্দায় দিতিপ্রিয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
মায়ের চরিত্রে শ্রাবন্তী: ডিসেম্বরে বড়পর্দায় দিতিপ্রিয়া

শ্রাবন্তী চ্যাটার্জী ও দিতিপ্রিয়া রায় অভিনীত সিনেমা ‘ডিয়ার ডি’ দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আগামী ১১ ডিসেম্বর ছবিটি মুক্তির কথা রয়েছে। এই সিনেমায় প্রথমবার মা ও মেয়ের চরিত্রে দেখা যাবে দুজনকে।
২০২৪ সালের শেষে ‘ডিয়ার ডি’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। শুটিং শেষ হলেও স্ক্রিনিং কমিটির কিছু জটিলতা এবং প্রযোজনা প্রতিষ্ঠানের অন্যান্য ছবির মুক্তির সূচির কারণে এতদিন আটকে ছিল এটি। রবীন্দ্র নাম্বিয়ার পরিচালিত ছবিটি প্রযোজনা করেছেন অশোক ধানুকা ও হিমাংশু ধানুকা।

বিদেশনির্ভর প্রেক্ষাপটে তৈরি এই গল্পে একক মা হিসেবে দেখা যাবে শ্রাবন্তীকে, যিনি একাই নিজের মেয়েকে বড় করেছেন। কিশোরী মেয়ের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো থাকলেও হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনায় বদলে যায় দুজনের জীবন এবং সামনে আসে অতীতের নানা সত্য। প্রকাশিত পোস্টারে দিতিপ্রিয়াকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা গেছে; বয়ঃসন্ধিকালে থাকা এক মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার পরের লড়াই ফুটে উঠবে ছবিতে।

বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও ফিরছেন দিতিপ্রিয়া। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘মনসামঙ্গল’-এর প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। সম্প্রতি ধারাবাহিকের প্রথম ঝলক প্রকাশ পেয়েছে, যেখানে গোলাপি বেনারসি ও খোলা চুলে পদ্ম সাজে ‘মনসা’ রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী।

ছোট পর্দা থেকে পরিচিতি পাওয়ার পর বড় পর্দাতেও কাজ করেছেন দিতিপ্রিয়া। বেশ কিছুদিন পর্দা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।