খুলনায় ছেলেকে খুঁজতে এসে বাবাকে লক্ষ্য করে গুলি, আহত নারী
পত্রদূত রিপোর্ট: খুলনা নগরের করিমনগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শিমুল বেগম (৪০) নামের এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। সোনাডাঙ্গা থানা এলাকায় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ শিমুল বেগম ওই এলাকার অধিবাসী ও শহরের মুঠোফোন সেট ব্যবসায়ী মো. মুকুলের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন লোক ওই বাড়ির তিন তলায় গিয়ে মুকুলের কলেজপড়ুয়া ছেলেকে খুঁজতে থাকেন। ছেলে বাড়িতে নেই জানালেও তারা অবস্থান করতে থাকে এবং মুকুলের সঙ্গে একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির সময়ে আগত ব্যক্তিদের একজন মুকুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা তাঁর স্ত্রী শিমুল বেগমের কোমর ও পিঠের সংযোগস্থলে লাগে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির জানান, আক্রান্ত পরিবারটি এলাকায় সুপরিচিত। কী কারণে এ হামলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।









