বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪.৫ শতাংশ: এডিবি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ
চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪.৫ শতাংশ: এডিবি

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ৪.৫ শতাংশে সীমিত থাকতে পারে। সেই সঙ্গে এসময়ে মূল্যস্ফীতি প্রায় ৮.৮ শতাংশের মতো উচ্চ পর্যায়ে থাকার পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বৃহস্পতিবার (৯ জুলাই) এশীয় উন্নয়ন ব্যাংক তাদের সাম্প্রতিক ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (জুলাই ২০২৬)’ প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়েছে।
প্রতিবেদনে এডিবি বলেছে, উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল রপ্তানি, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, জ্বালানি সংকট এবং প্রতিকূল বৈশ্বিক অর্থনৈতিক পরিবেশের কারণে গেলো অর্থবছরে প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম ছিল। তবে চলতি অর্থবছরে মূল্যস্ফীতি কিছুটা কমা, ব্যবসা পরিচালনার নিয়মকানুন সহজ করা, সুশাসনের উন্নতি, কর প্রশাসনে সংস্কার এবং প্রবাসী আয় বৃদ্ধির ধারাবাহিকতা অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

এডিবি সতর্ক করে বলেছে, প্রবৃদ্ধির গতি খুব দ্রুত বাড়বে না। কারণ ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সরবরাহের সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতার ঘাটতি এখনও বড় বাধা হয়ে রয়েছে।

হালনাগাদ প্রতিবেদনে এডিবি আগামী অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাস ৪.৫ শতাংশে অপরিবর্তিত রাখলেও মূল্যস্ফীতির পূর্বাভাস বাড়ানো হয়েছে। এপ্রিলে ২০২৬–২৭ অর্থবছরের মূল্যস্ফীতি ৮.৫ শতাংশ হবে বলে ধারণা করা হলেও, সর্বশেষ প্রতিবেদনে তা বাড়িয়ে ৮.৮ শতাংশ করা হয়েছে।

এডিবির মতে, জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব, পরিবহন ব্যয় বৃদ্ধি, বিনিময় হারজনিত চাপ এবং খাদ্য ও সেবা খাতে মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ায় মূল্যস্ফীতি প্রত্যাশার তুলনায় ধীরে কমবে।

এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের ভারপ্রাপ্ত প্রধান আকিরা মাতসুবাগা বলেন, কঠিন বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতির মধ্যেও শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ এবং সেবা খাতের স্থিতিশীলতা বাংলাদেশের অর্থনীতিকে সহায়তা করছে। তবে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, আর্থিক খাতের সুশাসন এবং জ্বালানি ও অবকাঠামো খাতে সংস্কার জরুরি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হলে জ্বালানির দাম ও পরিবহন ব্যয় বেড়ে যেতে পারে, যা মূল্যস্ফীতি ও বৈদেশিক লেনদেনের ওপর নতুন চাপ সৃষ্টি করবে। একইসঙ্গে বৈশ্বিক বাণিজ্যে নতুন শুল্ক বা বিধিনিষেধ, প্রধান রপ্তানি বাজারগুলোর অর্থনৈতিক ধীরগতি, বৈদেশিক অর্থায়নের কঠোর পরিবেশ এবং জলবায়ুজনিত ঝুঁকিও বাংলাদেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকতে পারে।

Ads small one

বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বাংলাদেশ সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের একটি বড় কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির আওতায় ২০২৬ সালে প্রায় ৫ কোটি চারা রোপণের কর্মসূচি পালিত হবে। ১৩ জুন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

 

পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও সামাজিক সংগঠণ কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন করা হচ্ছে। তার ধারাবাহিকতায় গদাইপুর ইউনিয়ানের বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দির সিমানায় নারকেল চারা রোপন করা হয়েছে। সকালে মন্দির কমিটির সভাপতি অশোক কুমার ঘোষের নেতৃত্বে সরকারি ভাবে কৃষি অফিস থেকে বিতারণ করা নারকেলের চারা রোপন করা হয়েছে।

সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: “জলবায়ু পরিবর্তন : আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ব্যাণার প্লাকার্ড ও ফেস্টুন সহকারে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক সৌমেন মৈত্র এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ.এম রহমাতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, বিএনপি নেতা মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার ও গণপূর্ত বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী কাওসার মোঃ আব্দুল ওয়াহেদ প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার প্রমুখ। এসময় প্রশাসনিক কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।

আলোচনাসভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রকৃতি ও পরিবেশ নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

কালিগঞ্জে গাঁজাসহ ক্রেতা ও বিক্রেতা আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
কালিগঞ্জে গাঁজাসহ ক্রেতা ও বিক্রেতা আটক

Oplus_16908288

বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক হয়েছে মাদক কারবারি নিরঞ্জন বিশ্বাস (৫৯) এবং মাদকসেবি আরাফাত সরদার (২০)।
বৃহস্পতিবার (৯জুলাই) বেলা দেড়টার দিকে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড় এর নেতৃত্বে জনগণ নলতা চৌমুহনী বাজার এলাকা থেকে তাদের আটক করে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়ের নেতৃত্বে স্থানীয় জনতা নলতা এলাকার বিশ্বনাথ বিশ্বাসের ছেলে নিরঞ্জন বিশ্বাসের চৌমুহনী বাজারে অবস্থিত চায়ের দোকানে অভিযান চালিয়ে গাঁজা বিক্রিকালে ১শ’ গ্রাম গাঁজাসহ নিরঞ্জন বিশ্বাস এবং উপজেলার তারালী এলাকার আলমগীর সরদারের ছেলে মাদকসেবি আরাফাত সরদারকে আটক করে। থানায় খবর দিলে উপ-পরিদর্শক সোহরাব হোসেনের নেতৃত্বে পুলিশ গাঁজাসহ নিরঞ্জন বিশ্বাস ও আরাফাত সরদারকে থানায় নিয়ে আসেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।