চলতি সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস
অনলাইন ডেস্ক: আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল থেকে দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এ অবস্থায় চলমান তাপপ্রবাহ ধীরে ধীরে প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আগামীকাল থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পরিধি বাড়তে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পরের দিন অর্থাৎ ৪ জুন বৃষ্টিপাত আরো বিস্তৃত হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৫ জুনও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে। এছাড়া আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।
পাঁচ দিনের সার্বিক পূর্বাভাসে বলা হয়েছে, দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে আজ পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর ও লক্ষ্মীপুরসহ রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।









