জলবায়ু ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: কেসিসি প্রশাসক
পত্রদূত ডেস্ক: খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকারি ও বেসরকারি সংস্থাকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত প্রান্তিক মানুষদের সমস্যাগুলো নিবিড়ভাবে জানতে হবে এবং তাদের মতামতের ওপর ভিত্তি করেই টেকসই সমাধান খুঁজতে হবে।
বুধবার খুলনার হোটেল সিটি-ইনে আয়োজিত ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি বিষয়ক জাতীয় কৌশল প্রণয়ন’ শীর্ষক এক স্টেকহোল্ডার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এ্যাডামস ফাউন্ডেশন’ এই কর্মশালার আয়োজন করে।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার ম-লের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো. মুজিবুর রহমান, কুয়েটের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিচালক ড. মো. শাহজাহান আলী ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ড. ফজলে রাব্বি সাদিক আহমেদ। অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান ও নূর-ই-ইলাহি। মূল প্রবন্ধ (কীনোট পেপার) পাঠ করেন মাহাবুবর রহমান এবং স্বাগত বক্তব্য দেন এ্যাডামসের উপ-নির্বাহী পরিচালক আশিক মাহমুদ।
বক্তারা জানান, স্থানীয় পর্যায়ে এ্যাডামস ফাউন্ডেশন, জাতীয় পর্যায়ে আইক্যাড এবং আন্তর্জাতিক পর্যায়ে জার্মানওয়াচের যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত এবং বাস্তুচ্যুত বা অভিবাসী মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে একটি কার্যকর জাতীয় কৌশল প্রণয়নে সরকারকে নীতিগত সহায়তা করাই এই কর্মশালার মূল উদ্দেশ্য।









