জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি ও অকৃষি খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান
নিজস্ব প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কৃষি ও অকৃষি খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এ আহ্বান জানান।
‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কৃষি ও অকৃষি খাতে নারীদের অংশগ্রহণ’ শীর্ষক কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি আঞ্জুমানারা বেগম। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও জলবায়ু সম্পাদক পারভীন ইসলাম।
কর্মশালায় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের নারীদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে সচেতন করার পাশাপাশি জলবায়ু-সহনশীল কৃষি, আধুনিক কৃষিপ্রযুক্তি ও বিকল্প আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। কৃষিতে নারীদের কাজের সুযোগ বাড়ানোর পাশাপাশি আধুনিক কৃষি কার্যক্রমে পুরুষের সঙ্গে সমানভাবে অংশগ্রহণের পরিবেশ তৈরি করতে হবে। বাড়ির আঙিনায় সবজি চাষ, হাঁস-মুরগি পালনসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নারীরা আয় করতে পারেন। পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতেও তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মরিয়ম খাতুন, মহিলা পরিষদের জেলা শাখার সহসভাপতি শামীমা সুলতানা, সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, সাংগঠনিক সম্পাদক রূপা মিত্র, অর্থ সম্পাদক হাফিজা খাতুন, লিগ্যাল এইড সম্পাদক নাছিমা নাজরিন, ব্রাঞ্চ এক্সিকিউটিভ মো. মফিজুল ইসলামসহ জেলা ও পাড়া কমিটির নেত্রীরা।












