জাতীয় মাছ ইলিশ, সাধারণের পাতে কতটা?
গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ
বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের জল, মাটি ও মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে রূপালি ইলিশ। স্বাদ, ঐতিহ্য ও বাঙালির খাদ্যসংস্কৃতির সঙ্গে ইলিশের সম্পর্ক এতটাই নিবিড় যে, এটি শুধু একটি মাছ নয়, জাতীয় পরিচয়েরও একটি গুরুত্বপূর্ণ প্রতীক। কিন্তু সাম্প্রতিক বছরগুলোর বাজারচিত্র একটি অস্বস্তিকর প্রশ্ন সামনে এনে দিয়েছে যে জাতীয় মাছ দেশের বিপুলসংখ্যক মানুষের নিয়মিত খাবারের টেবিলের নাগালের বাইরে, সেই জাতীয় মাছের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক কতটা বাস্তব? ইলিশ বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি ও মৎস্যসম্পদের গুরুত্বপূর্ণ অংশ।
ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। জাটকা সংরক্ষণ, মা ইলিশ রক্ষা এবং নির্দিষ্ট সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞার মতো সরকারি উদ্যোগের ফলে ইলিশের উৎপাদন ও সংরক্ষণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কিন্তু উৎপাদন বাড়ার পাশাপাশি সাধারণ ভোক্তার ক্রয়ক্ষমতার সঙ্গে ইলিশের দামের সামঞ্জস্য তৈরি হয়েছে কি না বড় প্রশ্ন। বিভিন্ন জাতীয় গণমাধ্যম ও মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিশ্বে উৎপাদিত মোট ইলিশের প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশের বেশি উৎপাদন হয় বাংলাদেশে। অথচ অদ্ভুত এক অর্থনৈতিক বাস্তবতায় ভরা মৌসুমেও দেশের বাজারে ইলিশের দাম সাধারণ মানুষের সাধ্যের বাইরে থেকে যায়।
ঢাকার বাজারে ১ কেজি বা তার বেশি ওজনের এক কেজি ইলিশের দাম প্রায় ২,২০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত ঠেকেছে। এমনকি ৫০০-৭০০ গ্রাম ওজনের ছোট ইলিশের কেজিও ১,৩০০ থেকে ১,৭০০ টাকার নিচে মিলছে না। যেখানে দেশের একজন সাধারণ দিনমজুর বা নিম্ন-মধ্যবিত্ত চাকরিজীবীর দৈনিক বা মাসিক আয়ের একটা বড় অংশ চলে যায় চাল, ডাল আর যাতায়াত খরচে, সেখানে এক কেজি ইলিশ কিনতে কয়েক দিনের পুরো আয় ঢেলে দেওয়া তাদের জন্য অবাস্তব ও অসম্ভব। আমাদের প্রতিবেশী দেশের কিছু অঞ্চলে (যেমন কলকাতায়) ইলিশ কেটে টুকরো বা পিস হিসেবে বিক্রি করার রেওয়াজ রয়েছে, যা স্বল্প আয়ের মানুষকে অন্তত এক বেলা ইলিশের স্বাদ নেওয়ার সুযোগ করে দেয়। কিন্তু আমাদের দেশে গোটা মাছ কেনার সনাতন নিয়মের কারণে নিম্নবিত্তের জন্য তা কেবলই দূর আকাশের চাঁদ।
জাতীয় প্রতীক বা জাতীয় মাছের মর্যাদা কেবল কাগজে-কলমে বা জিডিপির প্রবৃদ্ধির (যা প্রায় ১.১৫ শতাংশ) খতিয়ানে সীমাবদ্ধ থাকলে চলে না। জাতীয় মাছের গৌরব তখনই সার্থক হবে, যখন দেশের রিকশাচালক, পোশাক শ্রমিক কিংবা সাধারণ সরকারি-বেসরকারি স্বল্প আয়ের চাকরিজীবী তার সন্তানকে পাতে অন্তত এক টুকরো ইলিশ তুলে দিতে পারবেন।
লেখক: গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ, সাবেক ছাত্রনেতা ও উদ্যোক্ত।












