ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হলেন সাতক্ষীরার ডা. মাশরুর
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম শাখার নবগঠিত কমিটিতে সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সাতক্ষীরার কৃতী সন্তান ডা. মো. মাশরুর রহমান।
তিনি সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা। তার পিতা মো. মতিউর রহমান সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে গত ৪ জানুয়ারি অবসর গ্রহণ করেন। মাতা নাজমুন নাহার একজন গৃহিণী। তার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।
ডা. মাশরুর রহমান ২০১৩ সালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ এবং ২০১৫ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তীতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি হয়ে ২০২২ সালে এমবিবিএস ডিগ্রি লাভ করেন।
ছাত্রজীবন থেকেই তিনি ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। নতুন দায়িত্ব পাওয়ায় তিনি সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্বাস্থ্য বিষয়ক কর্মকান্ড জোরদারসহ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।









