দুই কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সাহেদ কারাগারে
পত্রদূত রিপোর্ট: মার্চেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ২ কোটি ১৬ লাখ টাকা চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে শুনানি শেষে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ কোর্ট-৫-এর বিচারক সাদিক আহম্মেদ এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে সাহেদের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন জানান, এই মামলায় সাজা পরোয়ানা জারি থাকায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল দায়ের করা হবে।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৫ সালে ব্যবসার কথা বলে মার্চেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক থেকে ২ কোটি ১৬ লাখ টাকা ঋণ নেন সাহেদ। ঋণের জামানত হিসেবে সমপরিমাণ টাকার একটি চেক জমা দেন তিনি। পরবর্তীতে পাওনা অর্থ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ব্যাংকে জমা দিলে তা ডিজঅনার হয়।
এই ঘটনায় ১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনের ১৩৮ ধারায় মামলা করা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৪ মে আদালত সাহেদকে ১ বছরের কারাদ- এবং ২ কোটি ১৬ লাখ টাকা অর্থদ-ে দ-িত করেন। পূর্বে অন্য মামলায় গ্রেপ্তার থাকা সাহেদকে সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বর থেকে পুলিশ হেফাজতে নেওয়ার পর সোমবার আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।












