শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া, মালামাল ফেলে পালাল দুর্বৃত্তরা, দুই রাউন্ড গুলি!

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ
দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া, মালামাল ফেলে পালাল দুর্বৃত্তরা, দুই রাউন্ড গুলি!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে চোর সন্দেহে একদল লোককে ধাওয়া করেছে স্থানীয় গ্রামবাসী। ধাওয়ার মুখে রড, চাল, কীটনাশকসহ বিভিন্ন মালামাল ফেলে পালিয়ে যায় তারা। এ সময় দেশীয় অস্ত্র ও কাঠের তৈরি বন্দুক প্রদর্শন করে ভয়ভীতি দেখানোর পাশাপাশি দুই রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে স্থানীয়রা জানায়।

স্থানীয়দের বরাত দিয়ে জানাযায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে কয়েকজন ব্যক্তি ইঞ্জিনচালিত একটি ভ্যানে রড, চাল, কীটনাশকসহ বিভিন্ন মালামাল নিয়ে তিলকুড়া সড়ক দিয়ে যাচ্ছিলেন। গভীর রাতে তাদের সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি সন্দেহ হলে চিৎকার করে তাদের থামানোর চেষ্টা করেন। পরে তিলকুড়া ও আশপাশের এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হয়ে ভ্যানটির পিছু নেন।

স্থানীয় পল্লী চিকিৎসক ডা. মিজানুর রহমান জানান, গ্রামবাসীর ধাওয়া খেয়ে ওই ব্যক্তিরা ভয় দেখানোর উদ্দেশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শন করেন। একপর্যায়ে কাঠের তৈরি বন্দুক দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। তবে এতে গ্রামবাসী পিছিয়ে না গিয়ে তাদের ধাওয়া অব্যাহত রাখেন।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন বলেন, স্থানীয়দের জোরালো ধাওয়ার মুখে একপর্যায়ে ওই ব্যক্তিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মালামাল উদ্ধার করে বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়।

বিষয়টি নিয়ে সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফেলে যাওয়া মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন বলেন, ফেলে যাওয়া মালামাল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে পুলিশ তদন্ত করছে।

Ads small one

ফের চাঙা স্বর্ণের বাজার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
ফের চাঙা স্বর্ণের বাজার

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধি এবং কঠোর মুদ্রানীতির বার্তা পাশ কাটিয়ে এবং তেলের দাম হ্রাসের ফলে টানা দ্বিতীয় সেশনে স্বর্ণের দাম এক সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৭৮ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার্স মূল্য শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৪১৮ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।

বাইবিটের চিফ মার্কেট অ্যানালিস্ট হান টান বলেছেন, ফেডের কঠোর মুদ্রানীতির ইঙ্গিতকে খুব একটা পাত্তা দেয়নি মূল্যবান এই ধাতু। বরং ফেডের সুদের হার বাড়ানোর চক্রটি সীমিত হতে পারে এমন আশার পাশাপাশি তেলের দাম হ্রাসের কারণে স্বর্ণ তাৎক্ষণিক স্বস্তি খুঁজে পেয়েছে। যদিও মুদ্রাস্ফীতির বিরুদ্ধে ঐতিহ্যগত হেজ বা সুরক্ষাকবচ হিসেবে স্বর্ণকে দেখা হয়, তবে উচ্চ সুদের হার ফলনশীল সম্পদের আকর্ষণ বাড়িয়ে স্বর্ণের চাহিদা কমিয়ে দিতে পারে।

গত বুধবার মার্কিন ফেডারেল রিজার্ভ সামনের মাসগুলোতে আরও সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছিল। গোল্ডম্যান স্যাকস এক নোটে জানিয়েছে, তারা আশা করছে কঠোর মুদ্রানীতির প্রভাব স্বর্ণের চূড়ান্ত দাম কমার চেয়ে স্বল্পমেয়াদি বৃদ্ধির গতি শ্লথ করার মাধ্যমেই মূলত অনুভূত হবে।

এদিকে স্পট রুপার দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৭ দশমিক ০৩ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৮১৪ দশমিক ৫৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩১ দশমিক ৯৫ ডলারে। এ ছাড়া সপ্তাহের ব্যবধানে সব মূল্যবান ধাতুর দামই বাড়ার পথে রয়েছে।

কলারোয়ায় রাজনগর মাদ্রাসায় অবৈধ নিয়োগ বোর্ড বাতিলের দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ণ
কলারোয়ায় রাজনগর মাদ্রাসায় অবৈধ নিয়োগ বোর্ড বাতিলের দাবি

সংবাদদাতা: কলারোয়া উপজেলার ছোট রাজানগর দাখিল মাদ্রাসায় নৈশপ্রহরী ও অফিস সহায়ক পদে নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। নির্দিষ্ট প্রার্থীকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ বোর্ড আয়োজনের চেষ্টার অভিযোগ তুলে কথিত অবৈধ নিয়োগ বোর্ড বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নিয়োগের দাবি জানিয়েছেন এক প্রার্থীর স্বামী।

১৭ সেপ্টেম্বর রাতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অফিস সহায়ক পদে আবেদনকারী জাকিয়া সুলতানার স্বামী মো. ফিরোজ আলম এসব অভিযোগ করেন।

তিনি দাবি করেন, ১৮ সেপ্টেম্বর সকাল ৮টায় নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরীক্ষার মাত্র কয়েক ঘণ্টা আগে প্রবেশপত্র দেওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট বজলুল করিম জানান, এসব বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন। নোটিশের মাধ্যমে সবাইকে জানিয়ে নিয়ম অনুযায়ী প্রবেশপত্র দেওয়া হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আসাদুজ্জামান আসাদও অভিযোগগুলো অস্বীকার করেছেন।

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলের বিভিন্ন চিংড়ি ঘের থেকে রাতের আঁধারে বিপুল পরিমাণ মাছ চুরির অভিযোগ উঠেছে।

১৭ সেপ্টেম্বর গভীর রাতে দুর্বৃত্তরা একাধিক ঘেরে প্রবেশ করে মাছ চুরি করে নিয়ে যায়। ১৮ সেপ্টেম্বর সকালে ঘের মালিক আব্দুল মান্নান ও মাসুদ রেজাসহ অন্যরা বিষয়টি জানতে পারেন।

 

স্থানীয় বাসিন্দা রাখেদুল ইসলাম ও মাহমুদ আলী খান জানান, প্রতি বছরই এ ধরনের চুরির ঘটনা ঘটছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া এবং এলাকায় রাতের পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।