দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, ভাঙছে রাস্তা
ধুলাবালিতে বিপন্ন শিক্ষার্থী ও গ্রামবাসী, প্রতিবাদ করায় হুমকির অভিযোগ
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে। মাটি বহনকারী ডাম্পার চলাচলে প্রায় এক কিলোমিটার ইটসোলিং রাস্তা ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অন্যদিকে, ধুলাবালিতে দুর্ভোগ পোহাচ্ছে সখীপুর খানবাহাদুর আহছানউল্লাহ সরকারি কলেজ ও সখীপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় প্রভাবশালী ইউপি সদস্য নূর মোহাম্মদ গাজী ও ডাম্পার মালিকদের ভয়ে অনেকে মুখ খুলতে চাইছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেবহাটা উপজেলার সখীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বয়ার বিলের পাঁচবন ঘেরিতে গিয়ে দেখা যায়, জলাবদ্ধ কিছু জমিতে পানিফল চাষ হচ্ছে। সেখানে ইউপি সদস্য নূর মোহাম্মদ গাজীর কৃষিজমিতে গড়ে তোলা মৎস্যঘের থেকে দুটি এক্সকাভেটর দিয়ে প্রায় তিন ফুট গভীর করে মাটি কাটা হচ্ছে। ঘেরের এক পাশের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে। ছয়টি ডাম্পারে করে ওই মাটি দিনরাত প্রায় এক কিলোমিটার ইটসোলিং রাস্তা ও খানবাহাদুর আহছানউল্লাহ সরকারি কলেজের মাঠের ওপর দিয়ে মাঝ সখীপুর ঋষিপাড়ার ইসলামিয়া ব্রিকসে নেওয়া হচ্ছে। এতে রাস্তা ভেঙে পড়ার পাশাপাশি কলেজ ও বিদ্যালয় এলাকায় ধুলাবালির সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ইউপি সদস্য ও ডাম্পার মালিকদের ভয়ে কথা বলতে রাজি হননি। তবে কলেজ মাঠে মাটি ফেলার কাজের দায়িত্বে থাকা আব্দুর রশিদ মোল্লা বলেন, যারা মাঠে মাটি দিচ্ছেন, তারা বিনা মূল্যে দিচ্ছেন না। মাটির বিনিময়ে ১৭ বিঘা জমির মাটি কলেজ মাঠ দিয়ে ইটভাটায় নেওয়া হচ্ছে।
মাঝ সখীপুর গ্রামের বাবর আলী মোল্লা ওরফে বাবু এবং মোস্তাফিজুর রহমান ওরফে খোকা জানান, ইউপি সদস্য নূর মোহাম্মদ গাজী নিজের কয়েক বিঘা এবং অন্যের জমি ইজারা নিয়ে বয়ার বিলের পাঁচবন ঘেরিতে প্রায় ১৭ বিঘা কৃষিজমিতে কয়েক বছর আগে মাছ চাষ শুরু করেন। এ সময় বিলের পানি নিষ্কাশনের একমাত্র নালার ওপর ঘেরের পাকা স্থাপনা নির্মাণ করায় পানি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ কারণে পার্শ্ববর্তী জমির মালিকেরা কম দামে পানিফল চাষিদের কাছে জমি ইজারা দিতে বাধ্য হচ্ছেন।
তাঁদের দাবি, গত অক্টোবরের শেষ সপ্তাহে নূর মোহাম্মদ গাজীর কাছ থেকে ঘেরের ওপরের প্রায় তিন ফুট মাটি চার লাখ টাকায় কেনেন মাঝ সখীপুর গ্রামের জেহের আলী সরদারের ছেলে ডাম্পার মালিক আবু জাফর, তাঁর সহযোগী জাহাঙ্গীর হোসেন ও শহীদুল্লাহসহ চারজন। ২২ অক্টোবর থেকে দুই থেকে তিনটি এক্সকাভেটর দিয়ে মাটি কাটা শুরু হয়। ছয়টি ডাম্পারে করে সরকারি ইটসোলিং রাস্তা ও কলেজ মাঠের ওপর দিয়ে মাটি নেওয়া হচ্ছে ইসলামিয়া ব্রিকসে। প্রতি ডাম্পার মাটির দাম ১ হাজার ৫০ টাকা।
স্থানীয়দের অভিযোগ, কলেজ মাঠে কিছু মাটি ফেলে সমতল করে দেওয়ার শর্তে ডাম্পার চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। প্রথমে স্থানীয়রা বাধা দিলে কয়েক দিন মাটি কাটা ও পরিবহন বন্ধ ছিল। পরে ৩ নভেম্বর থেকে আবারও তা শুরু হয়। ডাম্পার চলাচলে রাস্তা ও মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশ দূষিত হচ্ছে। প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দারা হুমকির মুখে পড়ছেন বলেও অভিযোগ রয়েছে। প্রশাসনকে জানিয়েও তাঁরা প্রতিকার পাচ্ছেন না বলে দাবি করেন।
সখীপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী তাহমিনা খাতুন ও পঞ্চম শ্রেণির ছাত্র আহসান হাবিব জানায়, ১৫ দিনের বেশি সময় ধরে বিদ্যালয়ের সামনের মাঠ ও ইটসোলিং রাস্তা দিয়ে মাটিভর্তি ডাম্পার চলাচল করছে। এতে ধুলাবালিতে তাদের শ্বাসকষ্ট হচ্ছে। প্রতিদিন পোশাক ও স্কুলব্যাগ নষ্ট হচ্ছে।
সখীপুর খানবাহাদুর আহছানউল্লাহ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল হোসেন ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিনা খাতুন বলেন, ডাম্পার চলাচলে মাঠে নতুন করে গর্ত তৈরি হচ্ছে এবং পরিবেশ নষ্ট হচ্ছে। মাঠের উত্তর পাশের ব্যবসায়ী আল আমিন জানান, ধুলাবালির কারণে তাঁদের ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য নূর মোহাম্মদ গাজী বলেন, জলাবদ্ধতার কারণে জমিতে ধান ও মাছ চাষ করা সম্ভব হচ্ছে না। তাই কৃষিজমিতে গড়ে ওঠা ঘেরের মাটি সবুরের কাছে বিক্রি করেছেন। ডাম্পার চলাচলে ইটসোলিং রাস্তার ক্ষতি হওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, মাটি কাটা শেষ হলে নিজের টাকা দিয়ে রাস্তা মেরামত করে দেবেন।
ইসলামিয়া ব্রিকসের ব্যবস্থাপক আনছার আলী ইউপি সদস্য নূর মোহাম্মদ গাজীর জমি থেকে মাটি কেনার কথা স্বীকার করে বলেন, তাহলে কি ইটভাটায় মাটি নেওয়া যাবে না?
ডাম্পার মালিক আবু জাফর বলেন, আব্দুস সবুর নন, তিনি নিজেসহ কয়েকজন মিলে নূর মোহাম্মদ গাজীর জমির মাটি কিনে ইটভাটায় দিচ্ছেন। খুলনা থেকে ফিরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
সখীপুর খানবাহাদুর আহছানউল্লাহ সরকারি কলেজের অধ্যক্ষ অলোক কুমার মুখার্জী বলেন, প্রথমে আপত্তি জানানোয় মাটি কাটা ও পরিবহন বন্ধ ছিল। পরে মাঠে কিছু মাটি ফেলে সমতল করে দেওয়ার শর্তে কয়েক দিনের জন্য মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। আগামী ২০ অক্টোবর থেকে মাঠে খেলা শুরু হওয়ার কথা থাকায় দ্রুত মাটি ফেলে মাঠ সমতল করে দিতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে রোববার কলেজে আবারও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৌমেন মিত্র বলেন, কৃষিজমির উপরিভাগের মাটি কেটে ইটভাটায় বা অন্যত্র বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, সখীপুর খানবাহাদুর আহছানউল্লাহ সরকারি কলেজের অধ্যক্ষ মাঠ ভরাটের জন্য কিছু মাটি নিচ্ছেন। তবে সরকারি ইটসোলিং রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়া এবং কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রির বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।









