প্রকাশ ঘোষ বিধান
কৃষিপ্রধান বাংলাদেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগিসহ বিভিন্ন গৃহপালিত পশুপাখি মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। গ্রামীণ দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাতের সম্ভাবনা ক্রমেই বাড়ছে।
২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। এ খাতে প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ এবং স্থির মূল্যে অর্থনৈতিক আকার ৯৪ হাজার ৯ কোটি টাকা। দেশের কৃষিজ জিডিপির ১৬ দশমিক ৫৬ শতাংশ আসে এ খাত থেকে। পাশাপাশি মোট প্রাণিজ আমিষের প্রায় ৮০ শতাংশ জোগান দেয় প্রাণিসম্পদ খাত।
গবাদিপশু ও হাঁস-মুরগি পালন এখন গ্রামীণ অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের উৎস। দেশের লাখ লাখ প্রান্তিক কৃষক ও শিক্ষিত বেকার যুবক খামার গড়ে স্বাবলম্বী হচ্ছেন। বিশেষ করে গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মানবদেহের সুস্থতা ও মেধা বিকাশে প্রাণিজ আমিষের প্রয়োজনীয়তা অপরিসীম। দুধ, ডিম ও মাংসের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ প্রায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দুধ উৎপাদনেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ফলে দেশের পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এ খাতের গুরুত্ব বাড়ছে।
প্রাণিসম্পদ শুধু খাদ্যের উৎস নয়, বিভিন্ন শিল্পের কাঁচামাল সরবরাহেরও অন্যতম মাধ্যম। পশুর চামড়া, হাড়, শিং ও লোম থেকে জুতা, ব্যাগ, হস্তশিল্পসহ নানা পণ্য তৈরি হয়। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। এ ছাড়া পশুর বর্জ্য থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন করে জ্বালানি চাহিদা পূরণ এবং কৃষিজমির উর্বরতা বাড়ানো সম্ভব।
দেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রাণিসম্পদ খাতের ওপর নির্ভরশীল। এ খাতকে কেন্দ্র করে প্রায় দেড় কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। শুধু পোলট্রি শিল্পেই কাজ করছেন প্রায় ৬০ লাখ মানুষ, যাঁদের একটি বড় অংশ নারী। ফলে গ্রামীণ অর্থনীতিতে এ খাতের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মাংস, প্রক্রিয়াজাত খাদ্য ও হালাল পণ্য রপ্তানিরও ব্যাপক সম্ভাবনা রয়েছে। চামড়া, শিং, হাড়, পালক ও জিলেটিন প্রক্রিয়াজাত করে উচ্চমূল্যের পণ্য উৎপাদন ও রপ্তানি করা সম্ভব। একই সঙ্গে গোবর থেকে জৈব সার ও বায়োগ্যাস উৎপাদন কৃষি ও জ্বালানি খাতকে সমৃদ্ধ করতে পারে।
প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। উন্নত জাতের পশুপাখি উৎপাদন, কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ, খামারিদের সহজ শর্তে ঋণ প্রদান এবং সাশ্রয়ী পশুখাদ্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে পশুচিকিৎসা ও টিকাদান সেবা সহজলভ্য করা জরুরি।
এ ছাড়া দুধ ও মাংস প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রসার, আধুনিক কোল্ড চেইন অবকাঠামো গড়ে তোলা এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে উৎপাদন বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন সম্ভব হবে।
প্রাণিসম্পদ বাংলাদেশের অর্থনীতির এক অমূল্য সম্পদ। যথাযথ পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং খামারিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে এ খাত দারিদ্র্য বিমোচন, পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক ও কলামিস্ট
(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। পত্রদূত অনলাইন এবং পত্রদূত-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)