শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

দেবহাটায় দুগ্ধ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন ও মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
দেবহাটায় দুগ্ধ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন ও মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার সখিপুরে দুগ্ধ সমবায় সমিতি লিমিটেডের নতুন কার্যালয় উদ্বোধন ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) বিকেল চারটায় সমিতির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
সমবায় অধিদপ্তর ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন “দুগ্ধ ঘাটতি উপজেলার দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় উপজেলা সমবায় অফিস ও সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিমিটেড যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা এবং দুগ্ধ ঘাটতি উপজেলার দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের পরিচালক তোফায়েল আহম্মেদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পারুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রবিউল ইসলাম মিঠুন, সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র ঘোষ, সহ-সভাপতি গোপাল চন্দ্র বিশ্বাস, যুগ্ম সম্পাদক চিরঞ্জিত কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ তরুণ কুমার ঘোষ এবং কমিটির সদস্য শতাব্দী ঘোষ, রিংকু রানী বিশ্বাস ও মিনতী রানী বিশ্বাস উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় ব্যবসায়ী রবিউল ইসলাম। বক্তারা এলাকায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধি ও সমবায়ের মাধ্যমে খামারিদের ভাগ্য উন্নয়নে এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।

Ads small one

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গার মুচির কোনা এলাকায় খোলপেটুয়া নদীর উপকূলীয় ওয়াপদা বেড়িবাঁধে ধস নেমেছে। খবর পেয়ে দ্রুত জিওটিউব ফেলে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর শাখা কর্মকর্তা (এসও) আলমগীর হোসেন জানান, দুপুরে বেড়িবাঁধের আনুমানিক ৩০০ ফুট ধসে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং বিকল্প বাঁধ নির্মাণের কাজ শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত কাজ শেষ না হলে জোয়ারের পানি ঢুকে খাজরা ও বড়দল ইউনিয়নের ১৫ থেকে ২০ হাজার বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পাউবোকে দ্রুত কাজ সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন উপলক্ষে এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। আগামী ১২ আগস্ট এ দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পির ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে জেলা বিএনপির সদস্য এম এ হাসান নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ যেন কোনো খরচ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন, সে লক্ষ্যেই এই ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার পার-কুখরালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধানের বীজতলায় ঘাস মারার বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু সাইদ জানান, তাঁর বাবা ২০০২ সালে জব্বার সরদারের কাছ থেকে জমিটি কেনেন। কিন্তু বিআরএস রেকর্ডে ভুলবশত প্রতিপক্ষের নাম ওঠায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে মামলা (নং ১৯৩৭/২৫) চলমান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, মৃত জব্বার সরদারের ছেলে আব্দুর রকিব জমিতে ফসল না করার জন্য পূর্বে হুমকি দিয়েছিলেন। এরপর জমিতে গিয়ে দেখা যায় বীজতলার চারাগুলো বিষ প্রয়োগের কারণে মরে গেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রকিব। ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাইদ এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।