দেবহাটায় বিসিডিএস উপজেলা শাখার বর্ষপূর্তি উদযাপন
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) দেবহাটা উপজেলা শাখার বর্ষপূর্তি-২০২৬ উদযাপন করা হয়েছে। শনিবার (৯ মে) সকাল ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা বিসিডিএস’র সভাপতি দেব কুমার দেবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিসিডিএস এমআরপি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ফার্মেসির স্বত্বাধিকারী মো. আরিফ হোসেন, দেবহাটা উপজেলা বিসিডিএস’র সহ-সভাপতি শহীদুল ইসলাম, সহ-সভাপতি নাজমুল হোসেন এবং এমআরপি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মনিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন এলাকার কেমিস্ট ও ঔষধ ব্যবসায়ীরা।
বর্ষপূর্তি উপলক্ষে বক্তারা বলেন, দেবহাটা উপজেলা কমিটির এক বছরের কার্যক্রম অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। সকল কেমিস্টদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পাঁচ শতাংশ হারে এমআরপি বাস্তবায়ন, নির্ধারিত সময়ে মাসিক সভা আয়োজন, নকল ও ভেজাল ওষুধ বিক্রি বন্ধে সচেতনতা বৃদ্ধি এবং অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছে। এছাড়া ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।












