দেবহাটায় ৪০ বস্তা সার জব্দ: ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা
দীপঙ্কর বিশ্বাস: সাতক্ষীরার দেবহাটায় অবৈধভাবে ৪০ বস্তা ইউরিয়া সার পাচারের চেষ্টার সময় তা আটক করেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় সখিপুর মোড়ের মেসার্স বীনা কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী প্রশান্ত কুমার সরদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা সখিপুর এলাকায় অভিযান চালান। এ সময় উপজেলা সীমানা ছাড়িয়ে অন্যত্রে পাচারের উদ্দেশ্যে রাখা ৪০ বস্তা সরকারি বরাদ্দকৃত সার আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিলার প্রশান্ত কুমার সরদারকে অর্থদ- দেন। একই সঙ্গে জব্দকৃত সার উপযুক্ত মূল্য নির্ধারণ করে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি অফিস থেকে জানানো হয়, কৃষকদের জন্য বরাদ্দ করা সার কোনোভাবেই অন্যত্রে পাচার বা কালোবাজারে বিক্রি করতে দেওয়া হবে না। সার সংকট বা অবৈধ পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত সার সরকারি নিয়ম মেনে নিবন্ধিত কৃষকদের মধ্যে সঠিক মূল্যে বিতরণের ব্যবস্থা করা হয়েছে।








