বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসির নির্দেশ অমান্য মন্দিরের ঘেরের মাছ লুট

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসির নির্দেশ অমান্য মন্দিরের ঘেরের মাছ লুট

পত্রদূত ডেস্ক: উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশ উপেক্ষা করে সাতক্ষীরার দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের পাইকপাড়া সার্বজনীন কালীমাতা ও রাধাগোবিন্দ মন্দিরের ঘের থেকে মাছ লুট করা হয়েছে।

পাইকাড়া সার্বজনীন কালীমাতা ও রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটির সদস্য তপন কুমার রায় জানান, সম্প্রতি একই এলাকার বাবুরালী গাজীর ছেলে জামাল ফারুক ও মাহাবুবর রহমান ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত মন্দিরের ৩৫ শতক জমি ক্রয় সূত্রে দাবি করে ১৯৯৫ সালে দেঃ ১/৯৫ মামলা করলেও পরের বছর খারিজ হয়ে যায়।

 

২০২৪ সালের ৫ আগষ্ট সরকার পতনের পর জামাল ফারুক ও মাহাবুবর রহমান মন্দিরর জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত বছরের ২৫ মার্চ গভীর রাতে মন্দিরের প্রাচীর ভাংচুর ও তাদের চাষকৃত গলদা, বাগদা, রুই, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ লুঠ করে নিয়ে যায জামাল ফারুক ও মাহাবুবর রহমানসহ তাদের ভাড়াটিয়া লোকজন। বাধা দেওয়ায় তাদের ছয়জনকে পিটিয়ে জখম করা হয়।

 

বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। এরপর গত ১৫ জুলাই মন্দিরের পুকুর ও ঘের থেকে জামাল ও মাহাবুবরের নেতৃত্বে আবারো মাছ লুট করার চেষ্টা করা হয়। এ ঘটনায় জামাল ফকির বাদি হয়ে আদালতে সিআরপি-১৪৬/২৬ নং মামলা করে। মামলায় হীরুলাল, প্রভাস রায়সহ চারজনকে বিবাদী করা হয়। সোমবার আদালত থেকে জামিন নেন তারা। এতে ক্ষুব্ধ জামাল ফারুক, মহিদ, বাবর আলী, মিন্টু, এলা ঢালীসহ ১০/১২ জন সোমবার বিকেলে মন্দিরের সাইনবোর্ড তুলে নিয়ে জমি জবরদখলের হুমকি দিয়ে চলে যায়।

 

৯৯৯ এ ফোন দিলে দেবহাটা থানার উপপরিদর্শক বিপ্লব মালাকারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে তিনি জামাল ফারুকসহ চারজনের নামে থানায় জিডি করেন। মঙ্গলবার দুপুরে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন মন্দিরে আসেন। তারা মন্দিরের সাইনবোর্ড ও নেটপাটা সন্ধ্যর মধ্যে ফেরৎ দেওয়ার জন্য জামাল ফারুককে নির্দেশ দেন। একইসাথে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জলাশয় থেকে মাছ না ধরার জন্য নির্দেশ দেন।

তপন রায় অভিযোগ করে বলেন, মন্দিরের সাইনবোর্ড ও নেটপাটা ফেরৎ না দিয়ে বুধবার সকালে জামাল ফারুকের নেতৃত্বে আবারো মন্দিরর ঘেরের মাছ লুট করা হয়। বাধা দিলে সশস্ত্র ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীর সদস্যরা তাদেরকে ধাওয়া করে বাড়ির মধ্যে চলে আসে।

এ ব্যাপারে জানতে চাইলে পাইকাড়া গ্রামের জামাল ফারুক সাংবাদিক পরিচয় জেনে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন জানান, বিষয়টি নিয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা জানান, নির্দেশনা না মানলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Ads small one

টিটিসি অধ্যক্ষের সঙ্গে যুব অধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
টিটিসি অধ্যক্ষের সঙ্গে যুব অধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ

সংবাদদাতা: সাতক্ষীরা জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ অপু হালদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জেলা যুব অধিকার পরিষদের নবগঠিত কমিটির নেতারা। মঙ্গলবার অধ্যক্ষের কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মো. তবিবুর রহমানের নেতৃত্বে জেলা যুব অধিকার পরিষদের নবনির্বাচিত সভাপতি মো. আজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. আজমির হোসেন পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল শাহজী, অর্থ সম্পাদক মো. মাসুদ রানা ও দপ্তর সম্পাদক সেলিম রেজা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় যুব অধিকার পরিষদের জেলা ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতারাও অংশ নেন। সাক্ষাৎকালে তাঁরা অধ্যক্ষের সঙ্গে জেলার কারিগরি শিক্ষার উন্নয়ন ও যুবসমাজের দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

কালিগঞ্জের মথুরেশপুরে জামায়াতের দলীয় কার্যালয় উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
কালিগঞ্জের মথুরেশপুরে জামায়াতের দলীয় কার্যালয় উদ্বোধন

সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় নাজিমগঞ্জ বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন এই কার্যালয়ের উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

মথুরেশপুর ইউনিয়ন জামায়াতের সম্পাদক আজগার আলীর সঞ্চালনায় এবং ইউনিয়ন আমীর মনজুর মুর্শিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সম্পাদক মাওলানা আজিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সহকারী সম্পাদক অধ্যক্ষ আবু রাসেল আসকারী এবং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাফেজ খায়রুল বাশার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাজিমগঞ্জ বাজারের ব্যবসায়ী শেখ আবু তাহের, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর লোকমান হোসেন ও নুর মোহাম্মদ, সহকারী সম্পাদক মাওলানা আহসান কবির, শ্রমিক কল্যাণ সভাপতি শেখ নাজমুল ইসলাম, যুব বিভাগের সভাপতি শেখ নাজমুল হুদা এবং স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কার্যালয় চালুর মাধ্যমে এলাকায় সংগঠনের নানামুখী কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে

বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখতে জার্মানি থেকে নাটোরে এসেছিলেন ১৮ বছর বয়সী তরুণ পর্যটক কিরিল। তবে নাটোর রেলস্টেশনে এসে ব্যাগ হারিয়ে বিপাকে পড়েছেন তিনি। ব্যাগে ছিল ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সামগ্রী।

কিরিলের ভাষ্য অনুযায়ী, বুধবার (৭ অক্টোবর) বিকাল প্রায় ৪টার দিকে বগুড়া থেকে ট্রেনে এসে নাটোর রেলস্টেশনে নামেন তিনি। এরপর স্টেশনের ওয়েটিং রুমে ব্যাগটি রেখে এটিএম থেকে টাকা তুলতে যান। যাওয়ার আগে ভেস্ট পরা একজন রেলওয়ে কর্মকর্তার কাছে তার ব্যাগ ও মালামাল রেখে যান কিরিল। ওই কর্মকর্তা তার জিনিসপত্র দেখভাল করবেন বলে আশ্বস্ত করেছিলেন।

কিরিল জানান, এটিএম থেকে টাকা তুলে ফিরে এসে দেখেন, তার ব্যাগসহ মালামাল এবং ওই রেলওয়ে কর্মকর্তা, কাউকেই সেখানে পাওয়া যাচ্ছে না। এরপর বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও ব্যাগের সন্ধান পাননি তিনি।

কিরিলের দাবি অনুযায়ী, তার ল্যাপটপের আইক্লাউড লোকেশন বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নওগাঁ এলাকায় অবস্থান দেখাচ্ছিল। এতে চুরি যাওয়া মালামাল উদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ব্যাগ হারানোর পর রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন কিরিল। পরে তাকে নাটোর সদর থানায় পাঠানো হয়। সেখানে দীর্ঘ সময় অবস্থান করে সহায়তার অপেক্ষায় থাকতে দেখা যায় তাকে। এ ঘটনায় কান্নায় ভেঙে পড়েন এই বিদেশি পর্যটক।

এ বিষয়ে নাটোর সদর থানার ওসি মুনছুর আহমেদ বলেন, ঘটনাটি মূলত রেলওয়ে পুলিশের আওতাধীন। তবে ভুক্তভোগী বিদেশি নাগরিক হওয়ায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, এরই মধ্যে চুরি যাওয়া ডিভাইসের লোকেশন শনাক্ত করা হয়েছে। শনাক্ত করা লোকেশনে পুলিশ পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে দ্রুত কিরিলের ল্যাপটপ, ক্যামেরাসহ হারানো মালামাল উদ্ধার করা সম্ভব হবে।